চাকাভার সঙ্গে ১৫১ কেজি
জিম্বাবুয়ে দল চলে গেছে। কিন্তু রয়ে গেছে তাদের ১৫১ কেজি ওজনের বাড়তি লাগেজ এবং এক ক্রিকেটার। লাগেজের ওজনটা না হয় তারা বাড়িয়েছে বাংলাদেশে দেদার শপিং করে। কিন্তু ক্রিকেটার! পরশু রাতে বিমানবন্দরে যাওয়ার পর জানা গেল দলের খেলোয়াড় রেজিস চাকাভার রিটার্ন টিকিট নেই! দলটা সে রাতেই দেশের উদ্দেশে উড়াল দিলেও চাকাভার যাওয়ার কথা আজ। সঙ্গে যাবে অতিরিক্ত লাগেজও।
বিসিবি সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ে দল মোট চারটি লাগেজ ঢাকায় রেখে গেছে। অতিরিক্ত ১৫১ কেজি ওজনের এই লাগেজগুলো চাইলে তারা বাড়তি ফি দিয়ে নিতে পারত। কিন্তু সে জন্য লাগত ৫ হাজার ডলারেরও ওপরে! এত টাকা ছিল না জিম্বাবুয়ের ম্যানেজার মুফারো চিতুরুমানির কাছে। যাওয়ার আগে তিনি তাই বিসিবিকে অনুরোধ করে গেছেন, বিসিবি যেন অতিরিক্ত লাগেজের ফি পরিশোধ করে সেগুলো চাকাভার সঙ্গে পাঠানোর ব্যবস্থা করে। টাকাটা পরে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড বিসিবিকে পরিশোধ করবে।
বাংলাদেশে আসার পর থেকে সুযোগ পেলেই কেনাকাটা করতে বেরিয়ে যেতেন জিম্বাবুয়ে দলের ক্রিকেটাররা। এমনও গুঞ্জনও আছে, খেলার দিন সকালে মাঠের উদ্দেশে রওনা দেওয়ার আগেও নাকি কাছেপিঠের দোকানে গিয়ে একদফা কেনাকাটা করে নিতেন কেউ কেউ। জিম্বাবুয়েতে কাপড়চোপড়ের দাম অনেক বেশি। বাংলাদেশ থেকে সস্তায় কেনাকাটা করে নেওয়ার তাই একটা যুক্তি খুঁজে পাওয়া যায়। কিন্তু একজন ক্রিকেটারের রিটার্ন টিকিটই থাকবে না, তা কী করে হয়?
আসলে রিটার্ন টিকিট ছিল চাকাভারও। কিন্তু সেটা গত পরশুর নয়, ২৩ ডিসেম্বরের। বিভিন্ন ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন বলে হ্যামিল্টন মাসাকাদজা, এলটন চিগুম্বুরা, ব্রেন্ডন টেলর ও সলোমন মায়ারের রিটার্ন টিকিট কাটা হয়েছিল ২৩ ডিসেম্বরের। একটা ক্লাবের হয়ে খেলার কথা ছিল চাকাভারও। পরে সে সম্ভাবনা বাতিল হয়ে যায়, তবে অন্যদের সঙ্গে ভুলে চাকাভার ফেরার তারিখও থেকে যায় ২৩ ডিসেম্বরে। কিন্তু ভুলটা থেকে যায় জিম্বাবুয়ে টিম ম্যানেজমেন্টের চোখের আড়ালে। পরশু রাতে তাই দেশে ফেরার জন্য দলের সঙ্গে বিমানবন্দরে গিয়েও হোটেলে ফিরে আসতে হয়েছে চাকাভাকে।