গত কয়েক মাসে অনেকেরই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। পরীক্ষায় উতরাতে না পেরে নিষিদ্ধও হয়েছেন তিনজন—শ্রীলঙ্কান অফ স্পিনার সাচিত্রা সেনানায়েকে, নিউজিল্যান্ডের অফ স্পিনার কেন উইলিয়ামসন ও পাকিস্তানের সাঈদ আজমল। কিন্তু ‘চাকিং’ করলেই কি কেউ অপরাধী চিহ্নিত হবেন? রাহুল দ্রাবিড় তা মনে করেন না। ভারতের সাবেক অধিনায়ক বলছেন, চাকিং করা অন্যায় বা অপরাধ নয়, টেকনিক্যাল খুঁত মাত্র। দ্রাবিড় তাই মনে করেন, বোলিং অ্যাকশনে খুঁত থাকার কারণে যাঁরা নিষিদ্ধ হয়েছেন বা হচ্ছেন, অ্যাকশন শুধরে তাঁদের আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ দেওয়া উচিত।
গতকাল মুম্বাইতে দিলীপ সারদেশাই স্মারক বক্তৃতায় দ্রাবিড় বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি না চাকিংকে তেমন অপরাধ হিসেবে দেখা উচিত। এটা শুধু ওই বোলারের টেকনিক্যাল ত্রুটি। কাজেই যদি আপনার অ্যাকশনে টেকনিক্যাল খুঁত থাকে, আপনি এটা শুধরে আবার ক্রিকেটে ফিরে আসবেন। নির্দিষ্ট সীমা পেরিয়ে গেলেই কেউ আপনাকে প্রতারক বলতে পারবে না। আপনাকে বলতে হবে, ঠিক আছে, সঠিক সীমায় ফিরে এসো। এখানে আমরা বলব, ১৫ ডিগ্রির (কনুই সম্প্রসারণ) মধ্যে ফিরে এসো এবং আবার ক্রিকেট খেলো।’ নিষেধাজ্ঞার ব্যাপারে দ্রাবিড় বলেন, ‘এ নিয়ে আইসিসির নিয়ম আছে। পর্যালোচনার জন্য তাদের কাছে অনেক পুরোনো ফুটেজ আছে এবং তারা দেখেছে ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই সম্প্রসারণ স্বাভাবিক এবং প্রত্যেকেই সেটাই করে। গ্লেন ম্যাকগ্রার কনুই ১৫ ডিগ্রির চেয়ে একটুই বেশিই সম্প্রসারিত হতো। তাই বলে আমি বলছি না যে, ম্যাকগ্রা চাকিং করত। তারা (আইসিসি) একটা পদ্ধতি নিয়ে এগোচ্ছে। আমি আনন্দিত, তারা এটিকে শক্তভাবেই প্রয়োগ করছে।’ ক্রিকইনফো।