চাকিং 'মড়কে' এবার হাফিজও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলিং অ্যাকশনের সন্দেহের তির এবার হাফিজের দিকে ছবি: বিসিসিআই
বোলিং অ্যাকশনের সন্দেহের তির এবার হাফিজের দিকে ছবি: বিসিসিআই

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয়েছে সাঈদ আজমলের। দলের সেরা বোলারকে হারিয়ে রীতিমতো দিশেহারা পাকিস্তান দল। এমন পরিস্থিতিতে পাকিস্তানের ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হলেন মোহাম্মদ হাফিজ। সন্দেহজনক অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার।

গতকাল শনিবার চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারদের মাধ্যমে অভিযুক্ত হয়েছেন হাফিজ। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লাহোর লায়ন্সের হয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে এই মুহূর্তে ভারত সফরে রয়েছেন হাফিজ। তিনি লাহোর ফ্র্যাঞ্চাইজির অধিনায়কও।

শনিবার লাহোর লায়ন্সের খেলা ছিল দক্ষিণ আফ্রিকান দল ডলফিনের বিপক্ষে। ওই ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হয়েছেন হাফিজ। একই খেলায় ডলফিনের বোলার মোহাম্মদ সুব্রাইয়েনকেও একই অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

পাকিস্তানি পত্রিকা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, মোহাম্মদ হাফিজকে এখন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। সুব্রাইয়েনকেও একই ছাড়পত্র নিতে বলা হয়েছে।

সন্দেহজনক বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেও হাফিজ ও সুব্রাইয়েন চ্যাম্পিয়নস লিগের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন। তবে আরও একবার অভিযুক্ত হলে তাঁদের এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে যেতে হবে।

ক্রিকেটে এখন যেন চাকিংয়ের মড়ক লেগেছে। একের পর এক বোলারের অ্যাকশন প্রশ্নবিদ্ধ হচ্ছে।