চান্ডিমালরা যখন বিদ্রূপের পাত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিরাট কোহলিকে বলে দিয়েছি পরের টেস্টে শ্রীলঙ্কাকে যেন একটু ছাড় দেয় ভারত। ৬০০ রান একটু বেশিই হয়ে যায়!’

শ্রীলঙ্কার এক মন্ত্রী হার্শা ডি সিলভার টুইট এটা। কেউ এ থেকে ম্যাচ পাতানোর গন্ধ শুঁকতে গেলে ভুল করবেন। ম্যাচ কি আর এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে পাতায় কেউ? ডি সিলভা আসলে অধিক শোকে পাথর হয়ে গেছেন! জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজ হারতে দেখেছেন। এরপর ভারতের কাছে প্রথম দুই টেস্টে বড় হার। প্রথম ম্যাচে ৩০৪ রানে, দ্বিতীয়টিতে ইনিংস ও ৫৩ রানে। দুটি ম্যাচের প্রথম ইনিংসে ভারতের রান ছিল ৬০০ ও ৯ উইকেটে ৬২২ (ইনিংস ঘোষণা)। অধিক শোকে পাথর হয়ে নিজের দলকেই ব্যঙ্গ করেছেন ডি সিলভা।

শুধুই কি মন্ত্রী! বিদ্রূপের বন্যাই যেন বয়ে গেছে চান্ডিমাল-থারাঙ্গাদের নিয়ে। একজন দিয়েছেন ইনিংস পরাজয়ের খোঁচা। তাঁর পোস্টটি ছিল এ রকম—দ্বিতীয় টেস্টটি শ্রীলঙ্কাই জিতেছে। ভারতের এক ইনিংসের বিপরীতে শ্রীলঙ্কা যে খেলেছে দুটি ইনিংস! আরেকজন মনে করিয়ে দিয়েছেন চার দিনে খেলা শেষ হয়ে যাওয়ার বিষয়টি—টেস্টের পঞ্চম দিনটি শ্রীলঙ্কায় ছুটির দিন ছিল। এ কারণে ইচ্ছা করেই ম্যাচটি পঞ্চম দিনে নিতে চায়নি তারা!

এমনিতেই টানা হারের হতাশা, শ্রীলঙ্কার খেলোয়াড়দের মনের জ্বালাটা আরও বাড়বে এই ব্যঙ্গগুলো দেখে। দলের ‘উপদেষ্টা’ অরবিন্দ ডি সিলভা তাই খেলোয়াড়দের এগুলো এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছেন। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী দলের সদস্য ডি সিলভা জানেন এটা খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে। সবাইকে তাই পরামর্শ দিয়েছেন, এসব ভুলে শনিবার থেকে শুরু হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে মনোযোগ দিতে।

কিন্তু শ্রীলঙ্কা কি ঘুরে দাঁড়াতে পারবে? পাল্লেকেলেতে এই ম্যাচের আগে যে শ্রীলঙ্কার জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে রঙ্গনা হেরাথের চোট। পিঠের ব্যথার জন্য ম্যাচটি খেলতে পারবেন না টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা ৩৯ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার। এর আগে প্রথম টেস্টে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন অলরাউন্ডার আসেলা গুনারত্নে। দ্বিতীয় টেস্টে চোট পেয়েছেন পেসার নুয়ান প্রদীপও, থাকবেন না তিনিও। এএফপি।