চান্ডিমালের পাল্টা-আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর চান্ডিমাল
সেঞ্চুরির পর চান্ডিমাল

ডুবন্ত নৌকার হাল ধরার জন্য তাঁর দিকেই তাকিয়ে ছিল সবাই। ৯২ রানে সেই কুমার সাঙ্গাকারাও যখন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিরে গেলেন, মনে হচ্ছিল নৌকাটা ডুবেই যাবে। এর পরই দিনেশ চান্ডিমাল এলেন, গল টেস্টের চিত্রনাট্য বিস্ময়কর এক মোড় নিল। দুর্দান্ত পাল্টা-আক্রমণে অশ্বিনরাও হয়ে গেলেন অতিসাধারণ। ১৬২ রান করে অপরাজিত শ্রীলঙ্কান উইকেটকিপার। ৫ উইকেটে ৯৫ রান থেকে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত করল ৩৬৭, লিড ১৭৫ রানের। চতুর্থ ইনিংসে ২৩ রান তুলতেই ১ উইকেট হারিয়ে ফেলেছে ভারত। চতুর্থ দিনে আরও ১৫৩ রান দরকার, গল টেস্টে কি নতুন কোনো রোমাঞ্চ অপেক্ষা করছে?
চান্ডিমালের কল্যাণে গলের দর্শকেরা রোমাঞ্চিত হয়েছে তৃতীয় দিনেই। ১৬৯ বলে ১৬২ রান বলছে চান্ডিমাল কতটা আগ্রাসী ছিলেন। স্লগ সুইপ, সুইচ হিট, রিভার্স সুইপ—উদ্ভাবনী সব শটে ভারতীয় বোলারদের লাইন-লেংথ এলোমেলো করে দিয়েছেন। হরভজনকে সুইচ হিটে মারা ছক্কাটা হয়তো দর্শকদের ধন্দে ফেলে দিয়েছে, প্রথম ইনিংসে রানের জন্য এই শ্রীলঙ্কাকেই কেন সংগ্রাম করতে হয়েছে?
অবশ্য চান্ডিমাল আউট হয়ে যেতে পারতেন শুরুতেই। ৫ রানের মাথায় খোঁচা দিয়েও আম্পায়ারের কৃপায় বেঁচে গেছেন। ১০ রানে আবারও ক্যাচ দিয়েছিলেন। সেটা মাটি লেগেছে কি না পরিষ্কার বোঝা না যাওয়ায় পার পেয়ে গেছেন ওই যাত্রাও। ষষ্ঠ উইকেটে লাহিরু থিরিমান্নের সঙ্গে ১২৫ রানের জুটিতে নিশ্চিত করে দিয়েছেন, ভারতকে আবার ব্যাট করতে হচ্ছে। থিরিমান্নে ব্যাটনটা এরপর দিয়ে গেছেন জিহান মুবারককে, চান্ডিমালের সঙ্গে গড়েছেন ৮২ রানের জুটি। ৩০২ রানে মুবারক আউট হওয়ার পর চান্ডিমালের ব্যাট যেন আরও উন্মাতাল। এরপর শ্রীলঙ্কা আরও ৬৫ রান করেছে, শেষ তিন ব্যাটসম্যানের অবদান তাতে ১১ রান!
অথচ সকালের সেশনে ভারতের স্পিনাররা দিনটা নিজেদের করে নেবেন বলেই আভাস দিয়েছিলেন। সাঙ্গাকারাকে অশ্বিন ফিরিয়ে দেওয়ার পর ম্যাথুসকে তুলে নেন মিশ্র। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ২০ উইকেটের ১৫টিই ভাগাভাগি করে নিয়েছেন দুই স্পিনার। অশ্বিন পেয়েছেন ১০ উইকেট—সাত বছর পর ভারতের কোনো স্পিনারের দেশের বাইরে এই কীর্তি।
শেষ বিকেলে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই ভারত হারিয়ে ফেলেছে ওপেনার লোকেশ রাহুলকে। আজ আরও ১৫৩ দরকার। খুবই সহজ, আবার সহজ নয়ও। মনে করিয়ে দেওয়া যাক, গলে চতুর্থ ইনিংসে ১০০-এর বেশি রান তাড়া করেই কোনো দল জিততে পারেনি। কে জানে, ক্রিকেটের চিরন্তন অনিশ্চয়তা আজ ফিরে আসে কি না! সনি কিক্স, ক্রিকইনফো।