চান্ডিমাল-ম্যাথুস ফিরতেই শেষ লঙ্কার প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিথুরুয়ান ভিতানাগের বিরুদ্ধে কিউই অধিনায়ক ম্যাককালামের আবেদন। ছবি: এএফপি।
কিথুরুয়ান ভিতানাগের বিরুদ্ধে কিউই অধিনায়ক ম্যাককালামের আবেদন। ছবি: এএফপি।

দিনেশ চান্ডিমাল ৫৮ রানের এক ইনিংস খেলে চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সফল হননি। তাঁর দেখানো পথে হাঁটার চেষ্টা করেছিলেন বাকি ব্যাটসম্যানরাও। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ভিত গড়েছিলেন, কিন্তু নিজের ইনিংসটা দীর্ঘ করতে পারেননি। একই গল্প প্রযোজ্য কিথুরুয়ান ভিতানাগে ও ​মিলিন্দা সিরিবর্ধনের বেলাতেও। শুরুটা অনেকেই করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। ব্যক্তিগত ইনিংসগুলো গুছিয়ে নিয়েও তা পরিণতির দিকে টেনে নিয়ে যেতে না পারার কারণেই লড়াইটা আরও জমিয়ে তুলতে পারেনি শ্রীলঙ্কা। ডানেডিন টেস্টে ১২২ রানের বড় পরাজয়ই বরণ করে নিতে হয়েছে তাদের।
নিউজিল্যান্ডের বেধে দেওয়া ৪০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানদের ইনিংস শেষ ২৮২ রানেই। দলের দুই সেরা ব্যাটসম্যান চান্ডিমাল ও ম্যাথুস একটি জুটি গড়ার চেষ্টা করেছিলেন, কিন্তু নেইল ওয়াগনারের দারুণ এক বলে ম্যাথুস ফিরে গেলে স্বপ্নটা দূরেই চলে যায় শ্রীলঙ্কানদের। এই জুটির পর কেবল ভিতানাগে ও সিরিবর্ধনেই যা একটু লড়াই করেছেন। ষষ্ঠ উইকেটে এই দুজন ৪৮ রান তুলে আশান্বিত করেছিলেন লঙ্কান সমর্থকদের। কিন্তু শেষ অবধি কিছুই হয়নি। টেইল এন্ডে সুরাঙ্গা লাকমাল ২৩ আর দুশমন্থা চামিরা ১৪ রান করে পরাজয়ের ব্যবধানটাই কেবল কমিয়েছেন।
টিম সাউদি ৫২ রানে ৩ উইকেট নিয়ে লঙ্কানদের লড়াইয়ের সম্ভাবনাকে দূরে ঠেলতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। ২টি করে উইকেট নিয়ে সাউদি​র পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও নেইল ওয়াগনার। ডগ ব্রেসওয়েল পেয়েছেন একটি উইকেট।
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম নিজের প্রতিক্রিয়ায় ওয়াগনারের বলে ম্যাথুসের ফেরাটাকেই ইনিংসের টার্নিং পয়েন্ট হিসেবে অভিহিত করেছেন, ‘ওয়াগনার যখন ম্যাথুসকে ফিরিয়ে দিল তখনই আমরা মোটামুটি চাপমুক্ত হয়ে যাই। এর পর আমরা ঘরের মাঠের সুবিধাটা পুরোপুরিই নিতে পেরেছি।’
ম্যাথুসকে ফেরানো ওয়াগনারের ওই বলটিকে ‘মিরাকল’ ডেলিভারিই বলেছেন ম্যাককালাম, ‘ওয়াগনারই সিদ্ধান্ত নিয়েছিল যে সে এ ধরনের একটি বল করবে। লেগ স্টাম্পের একেবারে ভিতে আঘাত করার চেষ্টা সে করছিল। একটা পর্যায়ে গিয়ে তা ম্যাথুসের প্রতিরোধ ভেঙে দেয়।’
শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও স্বীকার করেছেন যে তিনি ওয়াগনারের পাতা ফাঁদে পা দিয়েছেন। ডানেডিন টেস্টকে তিনি শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের জন্য এক ধরনের ‘শিক্ষাসফর’ হিসেবেও অভিহিত করেছেন তিনি, ‘এই টেস্টটা আমাদের জন্য ছিল শিক্ষাসফরের মতোই। আমাদের প্রায় সব ব্যাটসম্যানই ভালো। তারা প্রতিভাবান, টেকনিকেও কোনো সমস্যা নেই। সমস্যা কেবল মানসিকতায়। সেই শিক্ষাটা আমরা ডানেডিনে এসে ভালোভাবেই পেয়েছি।’
এই ম্যাচ জিতে দারুণ একটা ধারাবাহিকতা রক্ষা করল নিউজিল্যান্ড। ২০১২ সালে হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট হারের পর ঘরের মাঠে টানা ১২ টেস্টে জেতার কৃতিত্ব দেখাল দলটি। সূত্র: এএফপি।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড ৪৩১ ও ২৬৭/৩ ডিক্লে.
শ্রীলঙ্কা ২৯৪ ও ২৮২
(নিউজিল্যান্ড ১২২ রানে জয়ী)