চাপ? আশায় আছে মাত্র ১৫০ কোটি মানুষ!

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দুই দলের সঙ্গে প্রথম দুই ম্যাচ। যে কোনো হিসেবে কঠিন সূচি। কিন্তু দুই ম্যাচেই অনায়াস জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। বেশ শক্তিশালী এক দল নিয়ে এবার ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে ভারত।
ক্রিকেট নিয়ে ভারতের সমর্থকদের পাগলামির বিষয়টা সবার জানা। বড় টুর্নামেন্টগুলোতে দলের সাফল্য-ব্যর্থতা নিয়ে সমর্থকদের উচ্চবাচ্য ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ হিসেবে কাজ করে। কিন্তু সেই চাপ মেনে নিয়েছেন দলের তরুণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ভারতের ১৫০ কোটি মানুষের প্রত্যাশার সঙ্গে সুর মিলিয়ে তিনিও ১৪ জুলাই লর্ডসে ট্রফি উঁচিয়ে ধরার অপেক্ষায়!
ভারতের এবারের দলটি মোটামুটি সব ক্রিকেট বোদ্ধাদের মতেই টুর্নামেন্টের অন্যতম ফেবারিট। আর ভারতের তৃতীয় বিশ্বকাপ জয়ের মিশনে দলে অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের একজন ক্রিকেটার হওয়ার চাপ কেমন সেটা বুঝিয়ে দিয়েছেন মজার এক মন্তব্যে,‘ চাপ? কীসের চাপ? “মাত্র” ১৫০ কোটি মানুষই তো আশা নিয়ে বসে আছে।’
গত তিন বছর ধরেই এমন চাপ নিয়ে খেলছেন, তাই মজা করতে বাধেনি তাঁর। এর আগেই অবশ্য বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ নিয়ে স্বপ্নের কথা জানিয়েছেন হার্দিক, ‘১৪ জুলাই বিশ্বকাপ ট্রফিটাকে আমার হাতে দেখতে চাই। বিষয়টি ভাবলেই শরীরের রোম দাঁড়িয়ে যায়। আমার লক্ষ্য একটাই, বিশ্বকাপ জয়।
২০১৬ সালে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক। ক্রমেই দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরও অনেক দিন খেলার ইচ্ছে তাঁর, ‘ভারতের জন্য খেলাই সবকিছু আমার জন্য, এটাই আমার জীবন। আমি আমার সবটা দিয়ে খেলার চেষ্টা করি এবং চ্যালেঞ্জ ভালোবাসি। সাড়ে তিন বছর বছর ধরে আমি (বিশ্বকাপের) প্রস্তুতি নিচ্ছিলাম, আর এখন সেটা প্রয়োগের সময়।’
‘কফি উইথ করণ’ টকশোতে এসে কিছু বেফাঁস মন্তব্য করে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। কিন্তু সেসব পেছনে ঠেলে বিশ্বকাপে নিজের সেরাটা দিতে প্রস্তুত হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে চারে নেমে মাত্র ২৭ বলে ৪৮ রানের মারকুটে এক ইনিংস খেলে সেটা জানিয়েও দিয়েছেন।