চাপ ঘিরে ধরেছে ওয়াকারকে

কাছে যাওয়ার উপায় ছিল না। তবে দূর থেকে যেটা বোঝা গেল ওয়াকার ইউনিস খুব খ্যাপা। মাথা ঝাঁকিয়ে, হাত ছুড়ে কিছু একটা বলছেন। পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে কয়েকজন আবার মাথা নেড়ে তাঁর কথায় সায় দিচ্ছেন।
ক্ষোভের কারণটা জানা গেল একটু পর। নেটে পাকিস্তানি ব্যাটসম্যানদের এতক্ষণ বল করছিলেন এমন এক বাংলাদেশি বোলারের কাছ থেকে। নেটে নাকি বাংলাদেশের দুজন বাঁহাতি স্পিনারকে চেয়েছিলেন পাকিস্তান কোচ। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে শুধু পেসার আর অফ স্পিনার। ওয়াকার হয়তো ভেবেছিলেন, নেটে দু-একজন বাঁহাতি স্পিনারকে খেললে পরের ম্যাচেও আরাফাত সানি আর সাকিব আল হাসানদের খেলা কিছুটা সহজ হবে তাঁর ব্যাটসম্যানদের জন্য। কিন্তু শেষ পর্যন্ত ও রকম কাউকে নেটে না পেয়ে রাগে গজরালেন কিছুক্ষণ।
ক্ষোভের আরেকটা কারণও থাকতে পারে। এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। সমালোচনার তির তাই ওয়াকারের দিকেই ছুটে আসছে বেশি। পাকিস্তান দলে তাঁরই একসময়ের সতীর্থ মোহাম্মদ ইউসুফ সংবাদমাধ্যমের কাছে বলেছেনও, ‘খেলোয়াড় হিসেবে ওয়াকার যেমন মহাতারকা ছিলেন এখন কোচ হিসেবেও নিজেকে সে রকম মনে করেন। খেয়ালখুশি মতো দল চালান। ভালো কোচকে খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ হতে হবে। ওয়াকারের সেই গুণ নেই।’ একদিকে দলের বাজে পারফরম্যান্স, অন্যদিকে এমন সমালোচনার বিষমাখা তির—বোঝাই যাচ্ছে বেশ চাপে আছেন পাকিস্তান কোচ।
এসব নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানার উপায় ছিল না। অনুশীলনের আগে-পরে পাকিস্তানের পক্ষ থেকে কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না এটা আগেই জানিয়ে রাখা হয়েছিল। ম্যানেজার নাভিদ আকরাম চিমাকে অনুরোধ করেও লাভ হয়নি। তবে বাংলাদেশের সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বললেও একটি পাকিস্তানি টেলিভিশনে ঠিকই কথা বলেছেন ওয়াকার। সেই টেলিভিশনের প্রতিনিধিকে যা বলেছেন, তাতে তাঁর ব্যাপারে সমালোচনা তিনি গ্রহণ করেননি, তবে পাকিস্তান ক্রিকেট যে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে সেটা স্বীকার করেছেন ওয়াকার। বলেছেন, ‘পাকিস্তান বেশ কিছুদিন ধরে খুব রক্ষণাত্মক ক্রিকেট খেলছে। এই মানসিকতাটা বদলাতে হবে। কিন্তু দলটা যেহেতু তরুণ, এটা হঠাৎ করে হবে না। সময় লাগবে।’ চোটের কারণে একের পর এক খেলোয়াড়দের ছিটকে যাওয়াটাকেও বড় সমস্যা বলে মনে করেন ওয়াকার।
সময়ের কথাটা বলেছেন পাকিস্তানের ফিল্ডিং কোচ গ্রান্ট লুডেনও। একসময় বাংলাদেশ দলের ট্রেনার হিসেবেও কাজ করেছেন এই দক্ষিণ আফ্রিকান। দুটি দলকেই কাছ থেকে দেখেছেন। আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, অনানুষ্ঠানিক এক আলাপচারিতায় লুডেন বোঝালেন দুটি দলের পার্থক্য, ‘বাংলাদেশের এই খেলোয়াড়েরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। কিছু তরুণ খেলোয়াড় আছে, কিন্তু মূল খেলোয়াড়েরা বেশ অভিজ্ঞ। অন্যদিকে পাকিস্তান দলে দু-একজন বাদ দিলে বাকি সবাই প্রায় নতুন। ব্যবধান হয়ে গেছে এই জায়গাটায়।’
টেস্ট সিরিজ শুরু হলে সেই ব্যবধান কিছুটা কমবে। মিসবাহ-উল-হক, ইউনিস খানরা খেলবেন সেখানে। তবে আপাতত পাকিস্তানের লক্ষ্য তৃতীয় ম্যাচ জিতে ‘বাংলাওয়াশ’ এড়ানো। সেই কারণে যে পাকিস্তান প্রথম ও দ্বিতীয় ওয়ানডের আগে কোনো অনুশীলন করেনি, তারাই পরশু দিবারাত্রির ম্যাচের পর কাল সকালেই অনুশীলনে। বৈশাখের খররোদে মিরপুরের মাঠে প্রায় পৌনে এক ঘণ্টা গা গরমের ফুটবল ম্যাচ আর ফিল্ডিং অনুশীলন শেষে ইনডোরের নেটে ব্যাটিং-বোলিং অনুশীলন আরও ঘণ্টা দুয়েক। একপাশে স্পিনারদের নিয়ে আলাদা বোলিং করালেন স্পিন কোচ মুশতাক আহমেদ। পেসারদের তত্ত্বাবধানে ছিলেন ওয়াকার নিজেই। এহসান আদিলের বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দেওয়া উমর গুল নেটে বল করলেন সবচেয়ে বেশিক্ষণ। প্রথম দুই ম্যাচে রাহাত আলী আর জুনাইদ খানদের ব্যর্থতা যে তাঁর দায়িত্বটা আরও বাড়িয়ে দিয়েছে সেটি বোধ হয় বুঝতে পারছেন অভিজ্ঞ এ পাকিস্তানি পেসারও। সেই অভিজ্ঞতা দিয়ে গুল দুই দলের ব্যবধান কতটা কমাতে পারেন, দেখার অপেক্ষাও সেটাই।