চাপ নিতে পারেননি ইয়াসির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওল্ড ট্রাফোর্ডের প্রথম দিনটা হতাশায় কেটেছে ইয়াসিরের। ছবি: এএফপি।
ওল্ড ট্রাফোর্ডের প্রথম দিনটা হতাশায় কেটেছে ইয়াসিরের। ছবি: এএফপি।

এ যেন আকাশে উড়তে উড়তে ধুপ করে মাটিতে নেমে আসা। লর্ডস টেস্টে ১০ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠে এসেছিলেন। সেই ইয়াসিরেরই কাল ওল্ড ট্রাফোর্ডে ৩১ ওভারে ১১১ রান দিয়ে কোনো উইকেট নেই! আগের টেস্টেই যাঁর ঘূর্ণিরহস্য পড়তে হিমশিম খাচ্ছিল ইংল্যান্ড, এক টেস্টের মধ্যেই সেই দুর্বোধ্য ধাঁধার সমাধান করল ইংল্যান্ড? আর ইয়াসিরই–বা কয়েক দিনের মধ্যে এমন নির্বিষ হয়ে গেলেন কীভাবে? পাকিস্তানের বোলিং কোচ মুশতাক আহমেদ সে জন্য চাপকেই দায়ী করেছেন।
ওল্ড ট্রাফোর্ডে কাল উইকেট নেওয়া দূরে থাক, তেমন একটা বেকায়দাতেই ইয়াসির ফেলতে পারেননি কুক-রুটদের। চারজন বোলার থাকায় এক প্রান্ত থেকে তাঁকে টানা বল করে যেতে হয়েছে, কিন্তু তাঁকে খেলতে কোনো অসুবিধাই হয়নি ইংলিশদের। মুশতাক মনে করছেন, ইয়াসির নিজের ওপর চাপ একটু বেশিই নিয়ে ফেলেছেন, ‘কখনো কখনো প্রত্যাশা আপনাকে চাপে ফেলে দেবে। আপনি চাইবেন আগের মতো পারফর্ম করে যেতে চাইবেন। তখন বোলিংয়ের মূল ব্যাপারটা ভুলে যাবেন, নিয়ন্ত্রণ হারাবেন। ইয়াসিরের সঙ্গে সেটাই হয়েছে। সে আগের টেস্টে ১০ উইকেট পেয়েছে। হয়তো সেটার জন্যই সে প্রাথমিক ব্যাপারগুলো ভুলে গেছে।’
কিন্তু ইয়াসিরকে ক্ষুরধার করা তো মুশতাকেরই কাজ। পাকিস্তানের বোলিং কোচ সেটা মানলেন, ‘আমার মনে হয় ওর হাত থেকে বলটা ঠিকমতো বের হচ্ছিল না। এটা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু ম্যাচের সময় কোচের এই ব্যাপারে কিছু করা কঠিন। তবে ওর সঙ্গে আমার যোগাযোগ আছে, সে জন্য আমি কয়েকটা বার্তা পাঠিয়েছিলাম। বলেছিলাম বলে ঠিকঠাক স্পিন করছে না।’
কিন্তু দায়টা তো শুধু ইয়াসিরের নয়, কৃতিত্ব তো ইংল্যান্ডেরও আছে। ইয়াসিরকে পড়তে পারার সেই রহস্য ফাঁস করলেন জো রুট, ‘আমরা ওকে সোজা ব্যাটে খেলেছি, আড়াআড়ি খেলতে চাইনি। আর প্রথম দিনের উইকেটে কাজটা আমাদের জন্য খুব সহজ ছিল। আমরা শুধু নিয়মিত স্ট্রাইক বদল করেছি, আর রানের চাকা ঠিক রেখেছি। লর্ডসে আমরা অনেক ভালো গতিতে রান তুলেছি।’ সূত্র: ইএসপিএনক্রিকইনফো।