চাপ নেই বি-ম্যাকের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসছেন ম্যাককালাম, পেছনে টেলর-এলিয়টদের মুখেও হাসি। ম্যাককালামের নেতৃত্বে নিউজিল্যান্ড এমনই হাসি-খুশি দল l এএফপি
হাসছেন ম্যাককালাম, পেছনে টেলর-এলিয়টদের মুখেও হাসি। ম্যাককালামের নেতৃত্বে নিউজিল্যান্ড এমনই হাসি-খুশি দল l এএফপি

নিউজিল্যান্ডকে হাতছানি দিচ্ছে ইতিহাস। সামনে বাধা হয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বলছেন, ‘কেউ আমাদের আটকাতে পারবে না।’ চাপ কি বাড়ছে ম্যাককালামের? কিউই অধিনায়ক উপভোগের আনন্দেই উড়িয়ে দিতে চান এই চাপ, ‘খেলা তো আনন্দের জন্যই হওয়ার কথা। যাও, নিজেকে মেলে ধরো, সময়টা উপভোগ করো। আমরা সেরাটাই দেব, তারপর দেখা যাক কী হয়!’ উপভোগের কথা বললেও স্বাগতিক দর্শকদের প্রত্যাশার একটা চাপ তো থাকেই। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কোয়ার্টার ফাইনালের অভিজ্ঞতাই আশা ম্যাককালামকে, ‘শেষ ম্যাচের প্রত্যাশা ও চাপ আমরা যেভাবে সামলেছি, আমাদের বরং ভালো অবস্থাতেই থাকার কথা।’ চাপ নাহয় সামলালেন, মিল্নের চোটের ধাক্কা কীভাবে সামলাবেন ম্যাককালাম? এই পেসারের ছিটকে যাওয়ায় দলের সমন্বয় নিয়ে ভাবতে হবে। মিল্নে উইকেট না পেলেও, এই ইডেন পার্কেই অস্ট্রেলিয়াকে ১৫১ রানে গুঁড়িয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। তবে সেমিফাইনালেও সে রকমটা ঘটবে বলে মনে করেন না নিউজিল্যান্ডারদের কাছে ‘বি-ম্যাক’ হয়ে ওঠা অধিনায়ক, ‘সেদিন অবশ্যই অনেক আর্দ্রতা ছিল। আর উঁচু মানের সুইং বোলিং দেখেছিলাম আমরা। কাল (আজ) এত আর্দ্র হবে না, ততটা সুইং হয়তো দেখা যাবে না।’
দুই দলের বিশ্বকাপ লড়াইয়ের পাল্লাটা কিউইদের দিকেই ঝুঁকে আছে, ছয়বারের মধ্যে চারবারই জিতেছে তারা। শেষ তিনবার আবার টানা। বিশ্বকাপে শেষবার কিউইদের সঙ্গে প্রোটিয়াদের দেখা হয়েছিল গত বিশ্বকাপে, ঢাকার কোয়ার্টার ফাইনালে। দুই দলের খেলোয়াড়েরাই সেবার বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। তবে সেই উত্তাপ অকল্যান্ডে থাকবে না বলেই মনে করেন ম্যাককালাম, ‘আমার মনে হয় দুই দলই সেই সময়ের থেকে বেশি পরিণত এখন। আমরা এখন আলাদা দল, আর খেলিও ভিন্ন চেতনায়।’
‘স্লেজিং’-এর ঝড় উঠুক, নাই-বা উঠুক, ‘গাপটিল-ঝড়’ কি উঠবে আবারও! কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করা ওপেনারের কাছে অধিনায়কের আশা কিন্তু একটুও কম নয়, ‘বাংলাদেশের সঙ্গে সেঞ্চুরির পর যেভাবে “গাপ” এমন একটি পারফরম্যান্স দেখাল, তাতে তার দৃঢ়তাই ফুটে উঠেছে। সে এই টুর্নামেন্টে আমাদের জন্য অনেক বড় খেলোয়াড়। আমার তো মনে হয়, তার দেওয়ার বাকি আছে আরও।’ গাপটিল দলের অন্যদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছেন বলে মনে করেন তিনি।
গাপটিলের ছড়ানো আত্মবিশ্বাস, প্রোটিয়াদের বিপক্ষে বিশ্বকাপের রেকর্ড, নাকি ম্যাককালামদের ‘উপভোগের মন্ত্র’। কিউইদের ইতিহাস কি গড়ে উঠবে এর কোনোটিরই ওপরে! এএফপি, রয়টার্স।