চাপ নয়, ভয় নয়, প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত মানে কী?
বাংলাদেশের মানুষের কাছে আপাতত এটি নরেন্দ্র মোদি আর বিরাট কোহলির দেশ। মোদি কাল দেশে ফিরে গেছেন। প্রধানমন্ত্রীর দুই দিনের রাষ্ট্রীয় সফরের রেশ কাটতে না-কাটতেই আজ চলে আসছে কোহলির ভারত, মানে ভারতীয় টেস্ট দল। বাংলাদেশের মানুষের এই মুহূর্তের চেতনায় ভারত মানে তাই ক্রিকেট আর ভূরাজনীতির যুগল উপস্থিতি।
ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলন শেষে কাল বাংলাদেশ দলের বেশ কয়েকজন ক্রিকেটারের সামনেও তোলা হলো প্রশ্নটা—ভারত মানে কী? ভারতের বিপক্ষে খেলা মানে কী? এটা কি দৈত্যের বিরুদ্ধে লড়াই করার আতঙ্ক? নাকি পাহাড় টপকানোর চ্যালেঞ্জ! কঠিনকে জয় করার প্রেরণাও কি নয়?
‘চাপ’ ব্যাপারটা গত বিশ্বকাপ থেকেই উধাও বাংলাদেশ দলের ভেতর থেকে। পাকিস্তান সিরিজেও দেখা গেল চ্যালেঞ্জ জিতে ভবিষ্যতের জন্য প্রেরণা খুঁজতে তারা কতটা মরিয়া। এবারও ব্যতিক্রম নয়। আজ সকালে ভারতীয় দল যে দেশটিতে পৌঁছাচ্ছে, সেটির ক্রিকেটীয় মানসিকতা গত কয়েক মাসে আমূল বদলে গেছে। ভারত মানে তাই এখন আর চাপ নয়, ভারত মানে একটা প্রেরণাও।

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম
ভারতের বিপক্ষে সব সময়ই বাড়তি প্রেরণা পাই। ওদের বিপক্ষে ভালো খেললে সারা দুনিয়ার মানুষের চোখে পড়ে মুশফিকুর রহিম

মুশফিকুর রহিমের দৃষ্টিতে ভারতের বিপক্ষে খেলাটা নিজেকে আলোকিত করার সেরা মঞ্চ, ‘ভারতের বিপক্ষে সব সময়ই বাড়তি প্রেরণা পাই। ওদের বিপক্ষে ভালো খেললে সারা দুনিয়ার মানুষের চোখে পড়ে। অনেক বেশি আলোচনা হয়।’ এবারের ভারত সিরিজটাকে অবশ্য আরেকটা কারণেও সাফল্যের ফ্রেমে বাঁধাই করতে চান টেস্ট অধিনায়ক, ‘পাকিস্তানের বিপক্ষে জেতার পর সবাই বলেছে ওরা ভালো দল ছিল না। তাই জিতেছি। সে কারণেই বেশি করে ভারতের বিপক্ষে সাফল্য চাই। ভারত তো সেরা দল নিয়েই আসছে। এখানে আমাদের প্রমাণ করার অনেক কিছু আছে।’
মুশফিকের সঙ্গে মিলে যাচ্ছে ইমরুল কায়েসের ভারত-দর্শন। ভারতের সঙ্গে ক্রিকেট মানে তাঁর কাছেও নিজেকে বড় পর্দায় দেখানোর সুযোগ, ‘আমার মনে হয় না এটা কোনো চাপ। ভারতের সঙ্গে ভালো খেললে সবাই দেখে। কোটি কোটি মানুষ জানে। তাদের সঙ্গে ভালো খেলাটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’