চাপকে জয় করা মুমিনুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছোট কাঁধে বড় ভারই বইতে শিখেছেন মুমিনুল হক  l ফাইল ছবি
ছোট কাঁধে বড় ভারই বইতে শিখেছেন মুমিনুল হক l ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টের আগের দিন একটা ফোন পেলেন মুমিনুল হক। মালয়েশিয়া থেকে ফোন করেছেন তাঁর বিকেএসপির কোচ ও বাংলাদেশ দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ‘তুই নাকি পেস বোলিং, শর্ট বল খেলতে পারিস না? টেস্টে নাকি তোকে নেবে না!’ শুনে আকাশ থেকে পড়লেন মুমিনুল। টেস্টের একাদশে আছেন বলেই জানেন। পেস বল, শর্ট বলে দুর্বলতার কথা কোচ তাঁকে কিছু বলেননি। এমন কোনো আলোচনাও শোনেননি। তাহলে?
খোঁজ নিয়ে জানলেন, দেশে এ নিয়ে চায়ের কাপে ঝড় চলছে। ওয়েস্ট ইন্ডিজে টিম ম্যানেজমেন্টের মধ্যে আদৌ এমন কিছু আলোচনা হয়েছে কি না, এটা নিয়েই প্রশ্ন আছে। হলে মুমিনুলের কানে খানিকটা অবশ্যই আসত। তবে শর্ট বলে তাঁর কথিত দুর্বলতা আর দল থেকে বাদ পড়া নিয়ে মিরপুরে বিসিবি অফিসে তো আলোচনা হয়েছেই। যে ভাবনাটাকে বিস্ময়কর বললেও কম বলা হয়। ৭ টেস্টে যাঁর ৩ সেঞ্চুরি ও ৩ ফিফটি, টেস্ট ব্যাটিং গড় ৭৫-এর ওপর, সর্বশেষ ইনিংসেই করেছেন ম্যাচ বাঁচানো অপরাজিত সেঞ্চুরি, তাঁকে নিয়ে কি না প্রশ্ন!
দেশে ফিরে মুমিনুল নিজেও আবার বলছেন, ‘সত্যি বলছি, কোচ আমাকে তেমন কিছু বলেননি। অন্য কারও কাছ থেকে বা কোথাও থেকে আমি কিছু শুনিনি।’ তবে দেশে যখন এত আলোচনা, পুরোনো কোচ ফোন করেছেন বাইরে থেকে, সংশয়ের মেঘ মনের কোণে খানিকটা দানা না বেঁধে পারেই না। সংশয়টার পক্ষে যুক্তিও মিলছিল। ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে মুমিনুলকে একাদশের বাইরে রাখাও তো কম বিস্ময়কর ছিল না! ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ৬ ওয়ানডেতে তাঁর ৩টি ফিফটি। মিডল অর্ডারে নাসির-মাহমুদউল্লাহরা রানে নেই অনেক দিন, সাকিবও ছিলেন না সফরে। অথচ শামসুরকে খেলানো হলো চারে, বাইরে বসে কি না ফর্মে থাকা মুমিনুল!
ওয়ানডে একাদশে জায়গা না পেয়ে বিস্মিত হয়েছিলেন মুমিনুলও, ‘অবাক তো অবশ্যই লেগেছিল। ভেবেছিলাম, আমি খেলব। তবে টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছিলেন দলের ভালোর কারণেই। আমি কিছু মনে করিনি।’ অন্তর্মুখী স্বভাবের মুমিনুল অবশ্য ‘কিছু’ মনে করলেও বলবেন না, এটাই স্বাভাবিক। প্রথম দুই ওয়ানডেতে উপেক্ষিত থাকার পর টেস্ট সিরিজের আগে যখন তাঁকে নিয়ে দেশে এই তোলপাড়ের কথা শুনে কেমন লেগেছিল, মুমিনুল সেটি সবিস্তার না বললেও অনুমান করে নিতে সমস্যা হয় না। বিকেএসপিতে মুমিনুলের কোচ সালাউদ্দিন যেমন ভীষণ চটে গিয়েছিলেন ওই কথা শুনে, ‘মুমিনুলকে আমি খুব কাছ থেকে দেখেছি। বাংলাদেশে তামিম আর সাকিবের পর শর্ট বল সবচেয়ে ভালো খেলে মুমিনুল। শর্ট বলে খুব ভালো পজিশনে যায় ও, শটও খেলতে পারে।’
টেস্ট সিরিজে মুমিনুল তা প্রমাণও করেছেন। রোচ-গ্যাব্রিয়েলদের শর্ট বলের স্রোত সামলেছেন বেশ ভালোভাবেই। দুই টেস্টে দুই ফিফটি হয়তো দারুণ কিছু নয়। কিন্তু অকারণে অমন বিষম চাপে পড়ে যাওয়ার পর তা কি কম কিছু! মুমিনুল কীভাবে পেরেছিলেন? মৃদুভাষী তরুণ ভাবলেশহীন মুখে বলেন, ‘এসব মুহূর্তে মানসিকভাবে অনেক শক্ত হতে হয়। চাপ সামলানো সহজ নয়, তবে চাপকে চাপ ভাবা যাবে না।’ বলা সহজ, করা তো কঠিন। তিনি কীভাবে পারেন? মুমিনুল হাসেন। যেন বলতে চান, সেটি রহস্য হয়েই থাকুক।
এখনো যেমন রহস্য হয়ে আছে, মুমিনুলের শর্ট বলে দুর্বলতার তত্ত্ব তখন দেশে কীভাবে ছড়িয়ে গেল হঠাৎ!