চাপটাকে জয় করতেই হবে বাংলাদেশকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়রাজও হতাশ করলেন আজ। শামসুল হক
জয়রাজও হতাশ করলেন আজ। শামসুল হক

সেমিফাইনালের চাপটাই কী চেপে ধরল বাংলাদেশকে? প্রথমে দুই ওপেনার ফিরলেন তড়িঘড়ি করে। এরপর নাজমুল হোসেন শান্তও পারলেন না শান্ত হয়ে ব্যাট করতে। একমাত্র ব্যতিক্রম হয়ে একপ্রান্ত আগলে রেখেছিলেন জয়রাজ শেখ। কিন্তু জয়রাজও যোগ দিলেন আত্মহত্যার মিছিলে। একটু পরে ফিরলেন কোয়ার্টার ফাইনালের নায়ক জাকির হাসান।
১১৩ রানে ৫ উইকেট হারানোর পরও অধিনায়ক মেহেদী মিরাজের লড়াইয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ। ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে বাংলাদেশ তুলতে পেরেছে ২২৬ রান। মিরাজ ৭৪ বলে করেছেন ৬০। ২২তম ওভারে নেমে আউট হয়েছেন ৪৬তম ওভারে। সাইফউদ্দিনের কথাও বলতে হবে। নিজের মেরে খেলার সত্তাকে লাগাম পরিয়ে সাতে নেমে ৫৫ বলে ৩৬ করেছেন। ষষ্ঠ উইকেটে এই দুজনের ৮৫ রানের জুটি না হলে হয়তো দুই শর আগেই থেমে যেত বাংলাদেশের স্কোর।
এবারের টুর্নামেন্টে গ্রুপ পর্বে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে ২২১ ও ২২৪ রান তুলতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজেও তাদের ব্যাটসম্যানদের দুর্বলতা চোখে পড়েছিল। সেবার তিন ইনিংসে ক্যারিবীয় যুবারা করতে পেরেছিল ১১৪, ১২৮ ও ২১৯। এই তথ্য বাংলাদেশের যুবাদের আশা জোগাতে পারে।
​কিন্তু ভয়েরও তথ্য আছে। কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের ২২৭ অনায়াসে ৫ উইকেট হাতে রেখে পেরিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তা ছাড়া তিন ম্যাচের ওই সিরিজে ক্যারিবীয়দের ভোগানো সনজিত সাহাকেও বাংলাদেশ হারিয়ে ফেলেছে অ্যাকশনের কারণে। যদিও বাকি স্পিনাররাও আছেন। তবে এখানেও ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে নেতৃত্ব দিতে হবে ​মিরাজকে। সবচেয়ে বড় কথা, ঘরের মাঠের দর্শকদের সামনে বিশ্বকাপের মতো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে চাপ হিসেবে না নিয়ে করতে হবে উপভোগ।
যে উপভোগটা ব্যাটসম্যানরা করতে পারেননি। গতকাল মিরাজ জোর গলায় বলেছেন বিশ্বকাপের সেমিফাইনাল-টাইনাল এসব মাথাতেই রাখছেন না। এটিকে নিচ্ছেন স্রেফ আরেকটি ম্যাচ হিসেবে। কিন্তু সব ধরনের খেলাতেই যেকোনো ধরনের বৈশ্বিক টুর্নামেন্টে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা নিয়ে সেমিফাইনালে খেলার চাপ অগ্রাহ্য করা কি আদৌ সম্ভব?
ব্যাটিংয়ে বাংলাদেশের যুবারা চাপ নিয়েই খেলছে। স্বাভাবিক খেলাটা দেখা যায়নি। বেশির ভাগ ব্যাটসম্যানই সেট হয়ে আউট হয়েছেন। ভালো কোনো জুটি গড়ে ওঠেনি। ষষ্ঠ উইকেটে মিরাজ-সাইফের ৮৫ রানের জুটিটা না হলে তো বিপদই হয়ে যেত।
চাপের কাছেই হার মেনে দ্বিতীয় ওভারেই ফিরেছেন পিনাক ঘোষ (০)। ১০ রানে প্রথম উইকেটের পতন। মজার ব্যাপার হলো, এই দশের নয়ই এসেছে অতিরিক্ত খাতে। স্কোরবোর্ডে ৯ রান জমা হয়ে গেলেও তখনো দুই ওপেনার রানের খাতা খোলেননি। ক্যারিবীয় বোলাররাও যে চাপে ছিল, সেটাও বোঝা যায় এখান থেকে। কিন্তু দ্রুতই তারা চাপটা বাংলাদেশের যুবাদের ওপরে চালান করে দিয়েছে।
সপ্তম ওভারের প্রথম বলে ফিরেছেন অন্য ওপেনার সাইফ হাসানও (১০)। আর নাজমুল ফিরলেন ১৩তম ওভারের শেষ বলে। ৫৪ বলে ৩৫ করা জয়রাজই পথ দেখাচ্ছিলেন। কিন্তু নিরীহ গোছের একটি বল থার্ড ম্যানে ঠেলতে গিয়ে লাগল ব্যাটের ভেতরের কানায়। সোজা গিয়ে লাগল স্টাম্পে। বোল্ড!
এরপর জুটি গড়লেন কোয়ার্টার ফাইনালের দুই নায়ক জাকির ও মিরাজ। যখনই মনে হচ্ছিল, ধাক্কাটা সামলে উঠবে বাংলাদেশ তখনই স্টাম্পের বল কোনাকুনি খেলতে গিয়ে বোল্ড হয়ে গেলেন জাকির। ৪৪ বলে ২৪ করা জাকির ফিরে যাওয়ার ধাক্কাটা মিরাজ ভালোভাবে সামলেছেন বলেই রক্ষা। অবশ্য মিরাজ আর সাইফকে পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে ২৪০-এর সম্ভাব্য স্কোরটা ঠেকিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবীয়দের মূল শক্তি পেস বোলিং। আজ শুরু থেকে ঢাকা কুয়াশায় ঢাকা। পেসারদের জন্য এমন আদর্শ পরিবেশেও টসে জিতে মিরাজ কেন ব্যাটিংই নিলেন—এ নিয়ে কারও মনে প্রশ্ন থাকতে পারে। তবে সেমিফাইনালের মতো ম্যাচে রান তাড়া করা সব সময়ই চাপের—এমন ভাবনাও থাকতে পারে।
তিন ম্যাচের ওই সিরিজটাই বলে দিচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা বড় দুর্বল। বিশেষ করে বাংলাদেশের স্পিনটা একেবারেই খেলতেই পারে না তারা। তবে পরপর​ ছক্কা ও চার মেরে রানের খাতা খুলে ওয়েস্ট ইন্ডিজও হয়তো দিতে চাইছে কোনো বার্তা।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ৫০ ওভারে ২২৬ (পিনাক ০, সাইফ ১০, জয়রাজ ৩৫, সাজমুল ১১, জাকির ২৪, মেহেদী ৬০, সাইফউদ্দিন ৩৬, সাঈদ ৩, মোসাব্বেক ১৪, মেহেদী রানা ১০*, সালেহ ১; জোসেফ ১/৩৩, হোল্ডার ২/৩৬, জন ১/২৯, স্প্রিঙ্গার ২/৩৬, পল ৩/২০)
* বাংলাদেশের ইনিংস শেষে