চাপমুক্তির ম্যাচ জিতে দৃষ্টি সুদূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ এক জয়ে শুরু হলো বিশ্বকাপযাত্রা। কাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনেকটাই নির্ভার এখন বাংলাদেশের যুবারা। ম্যাচ শেষে ফুরফুরে মেজাজে সেলফি তুলেই প্রমাণটা দিলেন তাঁরা l শামসুল হক
দারুণ এক জয়ে শুরু হলো বিশ্বকাপযাত্রা। কাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অনেকটাই নির্ভার এখন বাংলাদেশের যুবারা। ম্যাচ শেষে ফুরফুরে মেজাজে সেলফি তুলেই প্রমাণটা দিলেন তাঁরা l শামসুল হক

এই উইকেটে ২৪০ রান কি যথেষ্ট ছিল?
* উইকেট যেমন ছিল, তাতে মনে হয়েছে ২৪০-২৫০ ভালো স্কোর। উইকেট মন্থর থাকায় রান করা কঠিন ছিল।
* এ রান তাড়া করার মতোই ছিল। দুর্ভাগ্য আমরা পারিনি।
একই প্রশ্নে পাওয়া গেল দুই রকম উত্তর। প্রথমে বলেছেন, বিজয়ী দলের নায়ক নাজমুল হোসেন শান্ত, পরের বক্তব্য দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক টনি জর্জির।
কোনটা সমর্থন করবেন? প্রথমটির পক্ষেই বেশি ভোট পড়ার সম্ভাবনা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মন্থর উইকেটে রান তোলা সহজ নয়, সেখানে টার্ন মিলবে, এটাও নিশ্চয়ই অজানা ছিল না জর্জির। নইলে শুরুতেই কেন অফ স্পিনার লুক ফিল্যান্ডারকে নিয়ে আসবেন আক্রমণে?
বাংলাদেশও আক্রমণ শুরু করেছিল স্পিন দিয়েই। শুরুতেই বল হাতে তুলে নিয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তাতে তিনি সফল। ৯.৪ ওভারে ২ মেডেনে ৩৭ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। মিরাজের সাফল্যকে গোটা দলেরই প্রতীক। এই উইকেটে দারুণ বোলিং করলে প্রতিপক্ষের কাছে ২৪১ রান পাহাড়সমান লক্ষ্য হয়ে যাবে, জানা ছিল বাংলাদেশের। সেভাবেই ছক কষেছিলেন মিরাজরা। সাফল্যও এসেছে হাতেনাতে।

ফিফটির পর ম্যাচসেরা নাজমুল হোসেন l প্রথম আলো
ফিফটির পর ম্যাচসেরা নাজমুল হোসেন l প্রথম আলো

তবে এই সাফল্যের প্রধান নায়ক নাজমুল হোসেন। বর্তমান দলে সবচেয়ে অভিজ্ঞ তিনি। শুধু বাংলাদেশ নয়, এবার যুব বিশ্বকাপে অংশ নেওয়া সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ও তিনি। নাজমুল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন ৫৩ ম্যাচ। খেলেছেন গত বিশ্বকাপও। দীর্ঘ অভিজ্ঞতার কারণেই কি না বেশ পরিণতের ছাপ।
উইকেটে যখন গিয়েছিলেন, দল ছিল চাপে। পরিস্থিতির দাবি মেনে খেলেছেন ৮২ বলে ৭৩ রানের দারুণ ইনিংস। সেঞ্চুরি থেকে দূরেই ছিলেন। তবে যে সময়ে নেমেছিলেন, তিন অঙ্ক ছোঁয়াটা অসম্ভবও ছিল না। সেটি না হওয়ায় অবশ্য কোনো আক্ষেপ নেই নাজমুলের, ‘৭৩ করে জিতেছি, তাতেই ভালো লাগছে। ১০০ হয়নি বলে আক্ষেপ নেই। সেঞ্চুরি হলো কি হলো না, এ নিয়ে চিন্তাও করিনি। ম্যাচ জেতাই ছিল মূল লক্ষ্য।’
উজ্জ্বল মুখে নাজমুল যখন শোনাচ্ছেন সাফল্যের গল্প, অদূরেই বিষণ্ন মুখে দাঁড়িয়ে ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার লিয়াম স্মিথ। দল সাফল্য না পেলে ব্যক্তিগত সাফল্যের কীই-বা মূল্য থাকে! বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ধরা হচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে। সেই প্রোটিয়া-বাধা যখন টপকানো গেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া কঠিন নয় বাংলাদেশের জন্য। কেননা বাংলাদেশের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া। দক্ষিণ আফ্রিকাই যখন বাংলাদেশকে তেমন প্রতিদ্বন্দ্বিতার সামনে ফেলতে পারেনি, স্কটল্যান্ড ও নামিবিয়া কি আর বাধা হবে? নাজমুল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টাকে দেখছেন সামনের ম্যাচগুলোর আত্মবিশ্বাসের জ্বালানি হিসেবে, ‘দক্ষিণ আফ্রিকা ভালো দল। ওদের বিপক্ষে জিতেছি। পরের ম্যাচগুলো সহজ বলব না। তবে অনেক আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারব।’
প্রোটিয়া যুবাদের হারিয়ে বাংলাদেশের মাথার ওপর থেকে যে বিরাট চাপ সরে গেছে, সেটি স্পষ্ট গোধূলিবেলায় কোচ মিজানুর রহমানের মুখে ধরা দেওয়া বিস্তৃত হাসিতে, ‘ম্যাচটা নিয়ে বিরাট চাপে ছিলাম। সেটা আপাতত সরে গেছে।’
বিরাট চাপ যখন জয় করা গেছে, এখন অবশ্যই সুদূরে দৃষ্টি ফেলতে পারে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।