চাপে আছেন জয়াসুরিয়া-কালুভিতারানা

ওয়ানডের বিস্ফোরক ওপেনিং জুটি নির্বাচক কমিটিতে জুটি বেঁধেছেন। সনাৎ জয়াসুরিয়া আবার ফিরেছেন, দল নির্বাচনের দায়িত্বে রুমেশ কালুভিতারানা নতুন এসেছেন। বিস্ফোরক ওপেনিং জুটি, কিন্তু শ্রীলঙ্কার দলের আগের সেই আগুনই তো মনে হয় নিভে গেছে। বিস্ফোরণ বরং বাংলাদেশ দলের মধ্যে।
বোঝা যায় বেশ চাপেই আছেন জয়াসুরয়া-কালুভিতারানা। ডাম্বুলা স্টেডিয়ামে আজ দলের অনুশীলনে উপস্থিত থাকলেন তাঁরা একেবারে শুরু থেকে। দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবকিছুই দেখলেন গভীর মনোযোগে। দুই টেস্ট সিরিজের শেষটা হেরেছে দল, হেরেছে প্রথম ওয়ানডেও। এখন ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে না পারলে সে হবে বড় হতাশার! ঘুরে দাঁড়ানোর জন্য শ্রীলঙ্কা কতটা মরিয়া, সেটির প্রমাণ আকস্মিকভাবে দুই পেসারের অন্তর্ভুক্তি। দক্ষিণ আফ্রিকায় ভালো করতে পারেননি বলে বাদ দেওয়া হয়েছিল নুয়ান কুলাসেকারাকে। অভিজ্ঞ এই পেসারকে ফিরিয়ে আনা হয়েছে, দলে যোগ হয়েছেন মূলত টেস্ট পেসার হিসেবে পরিচিত নুয়ান প্রদীপ।
রুমেশ কালুভিতারানা কোনো কথাই বলতে চান না। জয়াসুরিয়া অবশ্য অতটা রক্ষণশীল নন। তাঁকে দু-একবার অনুরোধ করার পর রাজি হলেন দুটি প্রশ্নের উত্তর দিতে।
নির্বাচক হিসেবে কি একটু চাপ অনুভব করছেন? প্রথম প্রশ্নটিই একটু কেমন যেন লাগে! তবে জয়াসুরিয়া হেসে হেসেই জানালেন, কোনো চাপ নেই, ‘না, সেরকম কোনো চাপ অনুভব করছি না। কারণ সবাই জানে, শ্রীলঙ্কা ক্রিকেট এখন পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার অবসর নিয়েছে। ক্রিকেটে এমন উত্থান-পতন ঘটে।’
দুই দলের তুলনায় গিয়ে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ও ওপেনার বাংলাদেশকে বলছেন ‘শ্রেয়তর দল’, কারণ বাংলাদেশ দলে আছে বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়। শুধু দল বড় বড় নাম নিয়ে ভালো হলেও চলে না, মাঠে ভালো খেলতে হয়। বাংলাদেশ ভালো খেলছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দুই বিভাগেই।
সর্বশেষ দুই ম্যাচে (শেষ টেস্ট এবং প্রথম ওয়ানডে) দুই দলে মধ্যে যে পার্থক্য দেখছেন জয়াসুরিয়া, তা হলো, ‘বাংলাদেশ অনেক রান করছে। আমরা তেমন রান করতে পারছি না। একই সঙ্গে বোলিং-ফিল্ডিংটাও বাংলাদেশের পরিকল্পনা মতো হচ্ছে। তাদের শীর্ষ চার ব্যাটসম্যান রানের মধ্যে আছে, এটি কিন্তু ক্রিকেটে বড় পার্থক্য গড়ে দেয়।’
শ্রীলঙ্কা কি ঘুরে দাঁড়াতে পারবে দ্বিতীয় ওয়ানডেতে? কেন নয়, পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে জয়াসুরিয়া বললেন, ‘আমি আশাবাদী। তবে বাংলাদেশ যে কাজগুলো ঠিকঠাক করছে, আমাদেরও তা করতে হবে।’