চাপে এখন পাকিস্তানই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল দেখেই নাকি বোঝা যায়, দিনটা কেমন যাবে। মিসবাহ-উল-হকের অন্তত গতকালের দিনটি দেখে এর সঙ্গে একমত না হওয়ারই কথা। দিনের প্রথম তিন ওভারেই দুই উইকেট তুলে দুর্দান্ত শুরু করেছিলেন পাকিস্তানের বোলাররা। প্রতিরোধের দেয়াল তুলে এরপর মিসবাহদের হতাশায় ডুবিয়েছেন কিউই ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৪০৩ রানে অলআউট বটে, কিন্তু দিন শেষে দুই উইকেট হারিয়ে দুবাই টেস্টের দ্বিতীয় দিন শেষে উল্টো পাকিস্তানই চাপে।
আরব আমিরাতকে নিজেদের একরকম দুর্গই বানিয়ে ফেলেছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেওয়ার পর প্রথম টেস্টেও নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়েছে। কিন্তু দুবাই টেস্টের দ্বিতীয় দিনে কাল পাকিস্তানি বোলারদের ঘাম ঝরিয়ে ছাড়লেন নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা, চার টেস্ট মিলে এই প্রথম পাকিস্তানকে পাঁচ সেশন ফিল্ডিং করতে হলো।
অথচ দিনের দ্বিতীয় ওভারেই আউট কোরি অ্যান্ডারসন। পরের ওভারেই টম ল্যাথাম ফিরে যান আগের দিনের সঙ্গে কোনো রান যোগ না করেই (১৩৭)। এরপর জিমি নিশম, বিজে ওয়াটলিং, মার্ক ক্রেইগরা দারুণভাবেই সামলেছেন বাবর-ইয়াসিরদের স্পিন। তবে দর্শকদের জন্য সময়টা ছিল ক্লান্তিকর, শম্বুকগতিতে রান তুলেছে নিউজিল্যান্ড।
লাঞ্চের আগে ২৯ ওভারে ৫২ রান। পরের সেশনে রানের চাকাটা খানিক ঘুরেছে, ২৮ ওভারে উঠেছে ৭৪। নিশম অবশ্য ফিরে গেছেন লাঞ্চের আগে, তবে ওয়াটলিং ও ক্রেইগ লড়াই চালিয়েছেন অনেকটা সময়। শেষ পর্যন্ত আজহার আলীর পার্টটাইম স্পিনে দুজনের ৬৮ রানের জুটিটা ভেঙেছে। ওয়াটলিংয়ের রান ৩৯, পরের ওভারে আউট হওয়া ক্রেইগ করেছেন ৪৩। তবে রাহাত মিড উইকেটে সহজ ক্যাচটা ধরতে পারলে ক্রেইগ ফিরে যেতেন ৯ রানেই। আট উইকেট পড়ার পরও সাউদি-সোধি মিলে ভালোই ভুগিয়েছেন পাকিস্তানকে। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে নিউজিল্যান্ড খেলে ফেলেছে ১৫৬ ওভার!
দুই নিয়মিত ওপেনার শেহজাদ-হাফিজ না থাকায় দারুণ একটা সুযোগ ছিল শান মাসুদ-তৌফিক উমরের। কিন্তু কেউই সুযোগটা কাজে লাগাতে পারেননি, দুজনেই সোধি-ক্রেইগের স্পিনের শিকার। টেন ক্রিকেট, ক্রিকইনফো।