তামিমের ব্যাটে ঝোড়ো শুরু

প্রথম ওয়ানডেতে যেখানে শেষ করেছিলেন আজ দ্বিতীয় ওয়ানডেতে সেখান থেকেই যেন শুরু করলেন তামিম ইকবাল। প্রথম ম্যাচে ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর আজও তিনি খেলছেন পাকিস্তানি বোলারদের নিয়ে। জুনায়েদ খান, রাহাত আলী, সাঈদ আজমল, ওয়াহাব রিয়াল-কেউই রেহাই পাননি তাঁর তাণ্ডবের হাত থেকে। দুর্দান্ত এক ফিফটি করে তিনি নির্ভরতা দিয়ে যাচ্ছেন বাংলাদেশের ব্যাটিংকে।
মাত্র ৪২ বলে ৫৬ রান করে অপরাজিত আছেন তামিম। ১২টি চারে সাজানো তামিমের এই ইনিংস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা ভয়ংকরই-না তিনি হয়ে উঠতে পারেন। তাঁর ব্যাট থেকে আসা এক ডজন বাউন্ডারি বুঝিয়ে দেয় তাঁর মান। প্রথম ৫০ রানের ৪৮ রানই আসে বাউন্ডারি থেকে। প্রতিটি বাউন্ডারিই ক্রিকেটীয় ব্যাকরণ মেনে, মিরপুরের গ্যালারিকে উন্মাতাল করে দিয়ে।
১৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৫। পাকিস্তানের ২৩৯ রানের জবাবে বাংলাদেশের শুরুটা কিন্তু উড়ন্ত। তামিমকে দারুণভাবেই সঙ্গ দিচ্ছেন মাহমুদউল্লাহ। তিনি অপরাজিত ১৬ রানে।