চাপে ভেঙেই পড়ল প্রোটিয়ারা

টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যেতে পারলে নিল ম্যাকেঞ্জি নিশ্চিত কথাটা অন্যভাবে বলতেন।
কী বলেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ? চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে কাল ভারতের সঙ্গে জিততেই হতো প্রোটিয়াদের, ম্যাচটা নিয়ে পরশু সংবাদ সম্মেলনে ম্যাকেঞ্জি বলেছিলেন, ‘সেমিফাইনাল থেকে এমন চাপ তৈরি হতে পারে ভেবেছিলাম। কিন্তু সেটা একটু আগেই চলে এসেছে।’
চাপ! আইসিসি টুর্নামেন্টে! দক্ষিণ আফ্রিকার ভেঙে পড়তে আর কী লাগে? ম্যাকেঞ্জির কথাটাই বোধ হয় কাল হলো প্রোটিয়াদের জন্য। ওভালে কাল আরও একবার লেখা হলো সেই পুরোনো গল্প—বৈশ্বিক টুর্নামেন্টে চাপের ম্যাচে প্রোটিয়াদের ভেঙে পড়া। আগে ব্যাট করে অলআউট মাত্র ১৯১ রানে, ৭২ বল ও ৮ উইকেট হাতে রেখেই যা পেরিয়ে গেল ভারত। উঠল সেমিফাইনালে। আজ পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে মহানাটকীয় কিছু না ঘটলে শেষ চারে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বিরাট কোহলির দলই।
পাঁচ বলের ব্যবধানে দুটি রানআউটই সর্বনাশ করেছে প্রোটিয়াদের। প্রথমে এবি ডি ভিলিয়ার্স, পরে ডেভিড মিলার। ১ রানও হয় না, পয়েন্টে এমন জায়গায় রান নিতে ফাফ ডু প্লেসির ডাকে সাড়া দিয়ে আউট নন-স্ট্রাইকে থাকা ডি ভিলিয়ার্স। পরের রানআউটটা আরও হাস্যকর। এমনই ভুল-বোঝাবুঝি, দুই ব্যাটসম্যান মিলার ও ডু প্লেসি দৌড় দিলেন একই প্রান্তে! ইনিংসের শেষটাও হয়েছে ইমরান তাহিরের হাস্যকর রানআউটে। তখনো ইনিংসে ৩৩ বল বাকি, অপরাজিত ছিলেন ডুমিনি।
অথচ আমলা-ডি কক সুন্দর শুরুই এনে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। টুর্নামেন্টে প্রথমবার ভারতীয় দলে আসা অশ্বিনের বলে আমলা আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে আসে ৭৬ রান। ওই রানআউট দুটির আগে ডি ককের ফিফটির সৌজন্যে ২ উইকেটে ১৪০ রানও হয়ে গিয়েছিল। কিন্তু রানআউট দুটির পর? ওই দুটিসহ ৫১ রানেই পড়েছে শেষ ৮ উইকেট! জেপি ডুমিনির টেস্ট গতির ২০ রান ছাড়া কেউ দুই অঙ্কেই যেতে পারেননি।
ব্যাটিং পিচে ১৯২ রানের লক্ষ্যটা কোহলি-ধাওয়ানের সৌজন্যে হেসেখেলেই পেরিয়ে গেছে ভারত। ২১ রানে স্লিপে কোহলির ক্যাচ ধরতে পারেননি আমলা, এরপর আর কোহলিকে থামায় কে! শিখর ধাওয়ানও ব্যাটিং করেছেন পাল্লা দিয়ে। দলীয় ২৩ রানে রোহিত শর্মা ফেরার পর দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ১২৮ রানের জুটি। ৭৮ রান করে ধাওয়ান ফিরলেও কোহলি ৭৬ রান করে মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই।