চাপেই বেরিয়ে আসেন আসল তামিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচণ্ড চাপের মধ্যে তামিম যেন বের করে আনেন নিজের সেরাটা। ছবি: শামসুল হক
প্রচণ্ড চাপের মধ্যে তামিম যেন বের করে আনেন নিজের সেরাটা। ছবি: শামসুল হক

চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ১৫০তম ওয়ানডে খেলতে নেমেছিলেন তামিম, সমালোচনার বোঝা মাথায় নিয়েই। বিশেষ করে প্রথম দুই ম্যাচে তাঁর ব্যর্থতা ও আউটের ধরন ছিল হতাশাজনক। সবাই যেন ভুলেই গিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনারের নাম তামিম ইকবাল।

তামিমের পুরো ক্যারিয়ার জুড়েই এই খেলা চলেছে। তামিমের পারফরম্যান্স গ্রাফ একটু অন্যরকম। যখন রান পান তখন টানা রান পেতে থাকেন, আবার অনেক সময় টানা কয়েক ম্যাচে রান-শূন্য। ক্যারিয়ারের প্রথম ১৭ ম্যাচে মাত্র একটি হাফ-সেঞ্চুরি ছিল। কিন্তু এরপরের ৫ ম্যাচে তিন তিনটি হাফ-সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়েছিলেন। এরপর নিজের জায়গায় অন্য কাউকে ভাবার সুযোগই দেননি নির্বাচকদের। কিন্তু ক্যারিয়ার জুড়েই তাঁর রান সংগ্রহের গ্রাফ সব সময় নাগরদোলায় চড়ে বেড়িয়েছে। ২০১০ সালে ইংল্যান্ডে টানা দুই টেস্টে শতক, লর্ডসে অনার্স বোর্ডে নাম লেখানোয় সবাই তামিমের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এক বছরের মাথায় আবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে মাত্র চার রান করার পর তো দল থেকেই বাদ পড়ার উপক্রম তামিমের। তখনকার খোদ বিসিবি প্রেসিডেন্টও তামিমকে বাদ দিতে চেয়েছিলেন বলে খবর বেরিয়েছিল। কিন্তু নির্বাচকেরা তামিমকেই রেখেছিলেন। এশিয়া কাপে টানা চার ম্যাচে ফিফটি করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়ে নিজেকে চিনিয়েছিলেন।
২০১৫ বিশ্বকাপে সবার আশার প্রতি বুড়ো আঙুল দেখিয়ে পঞ্চাশোর্ধ্ব ইনিংস মাত্র একটি। ভালো পারফর্ম করতে না পারায় সারা দেশে তামিমের বিরুদ্ধে সবাই আবার ও সোচ্চার। ঠিক তখনই পাকিস্তান সিরিজে তিন ম্যাচে দুই সেঞ্চুরিতে করলেন ৩১২ রান। তামিম ফিরলেন তামিমের মতোই। ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুই ম্যাচে আবার রান নেই তামিমের ব্যাটে। আবারও শুরু হয়েছে সমালোচনা! মাত্র চার ম্যাচের ব্যর্থতায় উঠে গেল ‘তামিম হটাও’ শোরগোল। অথচ তাঁর আগের চার ইনিংসেই তামিমের রান ছিল ৩৭২! 
তামিম তাই তাঁর নিজের মতোই জবাব দিলেন। প্রচণ্ড চাপের মধ্যে তামিম যেন বের করে আনেন নিজের সেরাটা। আজকে সৌম্যের কাছে যেকোনো ব্যাটসম্যানকে ম্লান মনে হওয়া স্বাভাবিক। কিন্তু সিরিজ নির্ধারণী ম্যাচে অন্যপ্রান্তে সৌম্য যখন রুদ্রমূর্তি ধারণ করেছেন, অন্যপ্রান্তে তামিম নিজের মতো করে তাঁর খেলা চালিয়ে গেছেন। বুঝে খেলেছেন ঠিক যেভাবে খেলা উচিত। নিজেকে খোলস বন্দী করেননি আবার পাগলাটে শট খেলে রান তাড়া করে বেড়াননি। আজকের তামিম ছিলেন ধৈর্য, অভিজ্ঞতা আর পরিপূর্ণতার উদাহরণ। দলের সেরা ওপেনার, দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের কাছে সবার প্রত্যাশা এতটাই বেশি , কিছুদিন রান না করলেই সবাই দিশেহারা হয়ে যায়। তার সমালোচনা শুরু হয়ে যায়। অবশ্য তামিমকে নিয়ে সমালোচনা হবে, তাঁকে নিয়ে সবার মনে প্রশ্ন জাগবে এটাই এখন স্বাভাবিক। এবং তামিম তার জবাব দেবেন নিজের মতো করে। অবশ্য কারও এতে অবাক হওয়ার কথা নয়। এই তামিম অনেক পরিচিত। চাপের মুখে ফিরে আসেন বলেই তো গত নয় বছর ধরে দলের একমাত্র নির্ভরযোগ্য ওপেনার তিনি। সঙ্গীহীন অবস্থায় অনেক দিন টেনেছেন বাংলাদেশের ওপেনিংয়ের ভার। এখন সৌম্য তাঁর যোগ্য সঙ্গী। ফলে ভবিষ্যতে আরও নির্ভার হয়ে খেলতে পারবেন তিনি।