চাপেও চওড়া ব্যাটের রহস্য ভাঙলেন মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্দান্ত ইনিংস খেলার পথে স্কয়ার কাট মুশফিকের। ছবি: এএফপি
দুর্দান্ত ইনিংস খেলার পথে স্কয়ার কাট মুশফিকের। ছবি: এএফপি
>ভীষণ চাপের মুহূর্তে চওড়া হয়ে ওঠে মুশফিকের ব্যাট। এ নতুন কিছু নয়। পাকিস্তানের বিপক্ষে গতকাল বিপর্যয়ের মধ্যে দারুণ এক ইনিংস খেলেছেন মুশফিক। চাপের মধ্যে তাঁর ভালো ব্যাটিংয়ের রহস্য কী?

তাঁর ব্যাটিং যেন নিস্তরঙ্গ নদীর নির্মল স্রোত। অপ্রয়োজনে উথাল-পাতাল ঢেউ ওঠে না। আবার যত পাথুরে বাধাই থাক, বয়ে চলবেই। পাকিস্তানের বিপক্ষে আজও যেমন দল ১২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়েছিল। এই পরিস্থিতিতে মুশফিকুর রহিম কী ইনিংসটাই না খেললেন!

সেই ইনিংস শেষ হয়েছে আক্ষেপ দিয়ে। সেঞ্চুরি হয়নি মাত্র ১ রানের জন্য। কিন্তু মুশফিকের ৯৯ রানের সেই ইনিংসে ভর করে দল পেয়েছে লড়াইয়ের পুঁজি আর তা সম্বল করে ফাইনালের দেখা পাইয়ে দিয়েছেন বোলাররা। এই এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটি মনে করে দেখুন। ২৪টি ব্যথানাশক ইনজেকশন নিয়ে ভীষণ চাপের মধ্যে খেলেছেন ১৪৪ রানের অসাধারণ এক ইনিংস। ভীষণ চাপের মধ্যে মুশফিক কীভাবে খেলেন এমন অসামান্য সব ইনিংস? প্রশ্নটা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজার। ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুশফিক এই প্রশ্নের জবাব দিয়েছেন তাঁর ব্যাটিংয়ের ঢঙেই—আত্মবিশ্বাসী।

কথা বলার মঞ্চে মুশফিক  এগিয়ে আসার সময় বোঝাই যাচ্ছিল তাঁর পাঁজরের ব্যথার উপশম ঘটেনি। তবে হাসিমুখ বলে দিচ্ছিল মনের ব্যথার উপশম ঘটেছে কিছুটা হলেও। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর যে মুখ থুবড়ে পড়েছিল দল। এরপর আফগানিস্তান ও পাকিস্তানের বিপক্ষে টানা দুই জয়ে দেখা মিলল এশিয়া কাপের ফাইনাল। এবার বাংলাদেশের ফাইনালে ওঠায় ব্যাট হাতে মুশফিকের অবদানই সবচেয়ে বেশি। চাপের মুহূর্তে দলের জন্য নিজেকে নিংড়ে দেওয়ার ব্যাখ্যা দিলেন মুশফিক এভাবে, ‘যেভাবে অনুশীলন করি এবং প্রস্তুতি নিই, তা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাকে আত্মবিশ্বাস জোগায়। বেশির ভাগ সময়েই সঠিক সিদ্ধান্ত নেই।’

মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে আজও চাপের মুহূর্তে দারুণ এক জুটিতে দলের বিপদ কাটিয়েছেন মুশফিক। চতুর্থ উইকেটে ১৪৪ রানের সেই জুটি প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘নিজের ওপর বিশ্বাস রেখেছিলাম এবং মিঠুনও দারুণ ব্যাটিং করেছে। দ্রুত উইকেট পড়ায় তাকে বলেছিলাম, আমাদের উইকেটে জমে যেতে হবে।’ কাল (শুক্রবার) ভারতের বিপক্ষে ফাইনালেও বাংলাদেশ ব্যাটিংয়ের প্রাণভোমরা হয়ে মাঠে নামতে হবে মুশফিককে। দায়িত্ব যেমন থাকবে, তেমনি ফাইনালের চাপও কম থাকবে না। এমন পরিস্থিতিতেই তো জ্বলে ওঠে মুশফিকের ব্যাট। এবার এশিয়া কাপে এটাই তো মুশফিকের ব্যাটিংয়ের প্রতিচ্ছবি।