চাপের মুখে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলীয়দের উল্লাসের উপলক্ষ তৈরি করে ফিরছেন ধাওয়ান। ছবি: এএফপি
অস্ট্রেলীয়দের উল্লাসের উপলক্ষ তৈরি করে ফিরছেন ধাওয়ান। ছবি: এএফপি

টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখতে হলে রেকর্ড গড়তে হবে ভারতকে। বিরাট লক্ষ্যে তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। উদ্বোধনী জুটিতেই আসে ৭৬ রান। কিন্তু এর পরই ছন্দপতন। বিনা উইকেটে ৭৬ রান থেকে ৩ উইকেটে ৯১। রোহিত, ধাওয়ান ও বিরাট কোহলিকে হারিয়ে বেশ চাপের মুখে ভারত। সর্বশেষ, ভারতের সংগ্রহ ২০ ওভারে ৩ উইকেটে ৯৫ রান।

শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রেখেছেন অস্ট্রেলীয় বোলাররা। জীবনও পেয়েছেন ভারতের দুই ওপেনার। প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে অল্পের জন্য বেঁচে যান রোহিত। উইকেটের পেছনে হ্যাডিন হাতছাড়া করেন ধাওয়ানের দুর্দান্ত ক্যাচটি। তবে দুজনই ফিরেছেন সাজঘরে। মিচেল জনসনের বলে বোল্ড হওয়ার আগে রোহিতের সংগ্রহ ৩৪ রান আর জশ হ্যাজলউডের বলে ফেরার আগে ধাওয়ানের সংগ্রহ ৪৫।
মহা গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাট কোহলি ‘বিরাট’ ফ্লপ! জনসনের বলে ১৩ বলে মাত্র ১ রান করে ফিরেছেন কোহলি। মুহূর্তেই টিভি ক্যামেরা খুঁজে ফিরল গ্যালারিতে থাকা তাঁর প্রেমিকা আনুশকা শর্মাকে। বলিউড অভিনেত্রীর চোখে-মুখে তখন বিষাদের ছায়া! অন্যদিকে দলের বিপর্যয়ে এক ভারতীয় সমর্থক তো কেঁদেই দিলেন। ম্যাচ এখনো শেষ হয়নি। এখনই গ্যালারিতে ভারতীয় সমর্থকদের চোখে-মুখে শঙ্কার ছায়া!