
দেশের বাইরে এটাই তাঁর প্রথম টেস্ট সফর। আসলে এর আগে তাঁর অভিজ্ঞতাই মাত্র দুই টেস্টের। চব্বিশ ছুঁই-ছুঁই সেই দুষ্মন্ত চামিরাই হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে রাখলেন শ্রীলঙ্কাকে। লঙ্কান এই পেসারের বোলিং তোপের মুখে ২৩২ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। এর আগে সফরকারীদের ২৯২ রানে অলআউট করেও দিন শেষে ৬০ রানে পিছিয়ে নিউজিল্যান্ড।
৪৭ রানে ৫ উইকেট নিয়েছেন চামিরা। তাঁর ক্যারিয়ার-সেরা বোলিংয়ের পেছনে কাজ করেছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কৌশলও। চামিরার ১৪৬ কিলোমিটার গতিতে বোলিংয়ের সময় লেগ সাইডে চারজন ফিল্ডার রেখেছিলেন ম্যাথুস। ফরোয়ার্ড শর্ট লেগ, স্কয়ার লেগ, ডিপ ফরোয়ার্ড ও ডিপ স্কয়ার—ম্যাথুসের সাজানো এই ফাঁদেই পা দিয়েছেন টম ল্যাথাম, কেন উইলিয়ামসন ও টিম সাউদি। এ বছর তৃতীয়বারের মতো শূন্য রানে আউট হওয়া রস টেলরের উইকেটটিও নিয়েছেন চামিরা। প্রথম স্পেলে ১৭ রানে ৩ এবং দ্বিতীয় স্পেলে ৩০ রানে ২ উইকেট নিয়ে দলকে প্রথম ইনিংসে লিডের স্বপ্ন দেখাচ্ছেন সফরকারীদের।
অথচ দারুণ একটা সূচনাই হয়েছিল কিউই ইনিংসের। উদ্বোধনী জুটিতে ৮১ রান তুলেছিলেন মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন। প্রথম টেস্টের দুই ইনিংসেও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছিলেন তাঁরা। গত ১৪ বছরের মধ্যে কিউই দুই ওপেনারের টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান এটাই প্রথম। মধ্যাহ্নবিরতির পর চামিরার বলে ল্যাথাম করুনারত্নের তালুবন্দী হলে ধস নামে কিউই ইনিংসে। ৪ ওভারের ব্যবধানে মাত্র ৮ রানে ৪ উইকেট হারায় স্বাগতিকেরা, যার তিনটিই নিয়েছেন চামিরা। সেডন পার্কের সবুজ ঘাস ও কন্ডিশনের সুবিধা প্রথম দিন লাগাতে না পারলেও এদিন পেরেছেন দুই দলের বোলাররা। সকালে কিউই বোলাররা শ্রীলঙ্কার শেষ ৩ উইকেট নিয়েছেন ২৮ রানে।
তবে দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতেই। যদিও গাপটিলের আশা, নিউজিল্যান্ডের জন্য ম্যাচ শেষ হয়ে যায়নি, ‘যে অবস্থায় থাকতে পছন্দ করতাম সেখানে নেই আমরা। মধ্যাহ্নবিরতির পর শ্রীলঙ্কার ভালো বোলিংয়ে ছোটখাটো একটা ঝড় বয়ে গেছে আমাদের ওপর দিয়ে। কিন্তু শেষের দিকে ডগি (ব্রেসওয়েল), মিচ (স্যান্টনার), ও বিজের (ওয়াটলিং) লড়াইয়ে এটাই দেখিয়েছি, এখনো ম্যাচে আছি আমরা।’
স্কোরবোর্ডে আরও কিছু রানের জন্য ৩০ রানে অপরাজিত থাকা ব্রেসওয়েলের দিকে তাকিয়ে নিউজিল্যান্ড। এএফপি, রয়টার্স।