চার আফগানের দাম প্রায় ১৫ কোটি রুপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

# এবার আইপিএল নিলামে চার আফগান ক্রিকেটারের দাম উঠেছে ১৪ কোটি ৬০ লাখ রুপি
# দল পেয়েছেন মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব জাদরান ও জহির খান

আফগান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে রশিদ খানের। সংগৃহীত ছবি
আফগান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দাম উঠেছে রশিদ খানের। সংগৃহীত ছবি

আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসন চলাকালীন পাকিস্তানে পাড়ি জমিয়েছিলেন অসংখ্য আফগান শরণার্থী। দেশে ফেরার সময় তাঁদের সঙ্গে ছিল ক্রিকেটও। মোহাম্মদ নবীর যেমন ক্রিকেটের সঙ্গে পরিচয় ঘটেছিল পেশোয়ারের শরণার্থীশিবিরে। সেই নবী এখন খেলাটির আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ। 

ক্রিকেট আফগানিস্তানে কতটা জনপ্রিয়, তা বোঝা যায় তিন বছর আগে দেশটির ক্রিকেট বোর্ডের তৎকালীন চেয়ারম্যান শাহজাদা মাসুদের এক মন্তব্য থেকে, ‘বিমানে বেশ নিচু দিয়ে আফগানিস্তান পাড়ি দিলে শুধু ক্রিকেট খেলাটাই দেখতে পাবেন।’ খেলাকে ভালোবাসলে খেলাও ভালোবাসা ফিরিয়ে দেয়। আফগানরা এখন ক্রিকেটের প্রতি সেই ভালোবাসার প্রতিদানই পাচ্ছে।

দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক দেখানো মুজিবের। সংগৃহীত ছবি
দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক দেখানো মুজিবের। সংগৃহীত ছবি

একসময়কার যুদ্ধপীড়িত দেশটি খেলাটির আন্তর্জাতিক অঙ্গনে এখন সমীহজাগানিয়া দল। মিলেছে টেস্ট মর্যাদাও। বয়সভিত্তিক দলগুলোও রয়েছে সঠিক পথে। নিউজিল্যান্ডে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দেশটির যুব দলের সেমিফাইনালে ওঠাই তার প্রমাণ। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটেও আফগানদের চাহিদা ক্রমশ বাড়ছে। এবার আইপিএলের নিলামে যেমন চার আফগান ক্রিকেটারের দাম উঠেছে ১৪ কোটি ৬০ লাখ রুপি।
আন্তর্জাতিক অঙ্গনে নিঃসন্দেহে দেশটির সবচেয়ে পরিচিত ক্রিকেটার রশিদ খান। ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার আফগানদের চোখে ‘মিলিয়ন ডলার বেবি’। গত বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে তাঁর অভিষেক ঘটেছিল আইপিএলে। বিগ ব্যাশেও গড়েছেন একই ইতিহাস। সেই রশিদকে নিয়ে এবার আইপিএল নিলামে কী টানাটানিই না হলো!

চায়নামান জহিরও আছেন আইপিএলে। সংগৃহীত ছবি
চায়নামান জহিরও আছেন আইপিএলে। সংগৃহীত ছবি

৪ কোটি রুপি দিয়ে কেনা রশিদকে প্রায় ছেড়েই দিয়েছিল সানরাইজার্স। এবার নিলামে তাঁকে কিনতে লড়াই চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত হায়দরাবাদই তাঁকে কিনেছে ৯ কোটি রুপিতে! ৩৩ বছর বয়সী নবী গত বছর প্রথম আফগান হিসেবে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি দলে চুক্তিবদ্ধ হয়ে ইতিহাস গড়েছিলেন। গতবার ৩০ লাখ রুপিতে নবীকে কেনা হায়দরাবাদ এবার সেই একই খেলোয়াড়কে কিনেছে ১ কোটি রুপিতে।

পুরোনো ‘সৈনিক’ নবীকেও দেখা যাবে আইপিএলে। সংগৃহীত ছবি
পুরোনো ‘সৈনিক’ নবীকেও দেখা যাবে আইপিএলে। সংগৃহীত ছবি

১৬ বছর বয়সী স্পিনার মুজিব জাদরান এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ৪ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছিলেন দলের জয়ে। নিউজিল্যান্ডের মাটিতে তাঁর স্পিন জাদু দেখেই হয়তো তাঁকে ৪ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এ ছাড়া আফগানিস্তানের ১৯ বছর বয়সী বাঁ-হাতি ‘চায়নাম্যান’ স্পিনার জহির খানকে ৬০ লাখ রুপিতে দলে টেনেছে রাজস্থান রয়্যালস।
আফগানিস্তানের মোট ১০ ক্রিকেটার ছিলেন এবার আইপিএলের নিলাম তালিকায়!