চার এশিয়ান দলের তিনকেই বাদ দিলেন সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঙ্গাকারার চার ফেবারিটের মধ্যে নেই শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ। ফাইল ছবি
সাঙ্গাকারার চার ফেবারিটের মধ্যে নেই শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ। ফাইল ছবি

এবারের চ্যাম্পিয়নস ট্রফির আট দলের অর্ধেকই এশিয়ার। আরও নির্দিষ্ট করে বললে, দক্ষিণ এশিয়ার। এ নিয়ে কুমার সাঙ্গাকারার গর্ব আছে। তবে আঞ্চলিক আবেগের বাইরে থেকে ক্রিকেটীয় বিশ্লেষণ করতে গিয়ে সাঙ্গা বলছেন, চার এশিয়ান দলের তিনটিই সেমিফাইনালে যেতে পারবে না। তবে চ্যাম্পিয়ন হিসেবে তাঁর ফেবারিট ভারত।

শ্রীলঙ্কান কিংবদন্তি বলেছেন, ‘এ বছর এই টুর্নামেন্টে চারটি এশিয়ান দল খেলছে। এর মধ্যে নিঃসন্দেহে ভারত এ অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। ২০১৩ সালে তারা এই ট্রফি জিতেছিল। এবারও জিততে পারে।’
গতবারের চ্যাম্পিয়ন দলটির চেয়ে বরং এই ভারতকে বেশি শক্তিশালী মনে হচ্ছে সাঙ্গার, ‘সত্যি বলতে, এবারের দলটি তর্কসাপেক্ষে বেশি শক্তিশালী। সত্যিকারের ফাস্ট বোলিংয়ের তোপ নিয়ে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। সেই সঙ্গে তাদের দুই স্পিনার অশ্বিন ও জাদেজাও ওয়ানডেতে অসাধারণ। তা ছাড়া বিরাট কোহলি আইপিএলের হতাশা মুছে দারুণভাবে ফিরতে চাইবে, আমি নিশ্চিত।’
ভারতকে ফেবারিট মানলেই ফাইনাল কে কে খেলবে এই ভবিষ্যদ্বাণীতে যেতে রাজি হননি সাঙ্গা। তবে সেমিফাইনালের সম্ভাব্য চার দলের নাম বলেছেন, ‘ফাইনালে কে কে খেলবে তা বেছে নেওয়া খুব কঠিন। তবে সেমিফাইনালের চার দল হিসেবে আমার ফেবারিট অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা।’

এখন এককভাবে কোনো দল ওয়ানডে ক্রিকেটটায় ছড়ি ঘোরাতে পারে না। এটিকেও ক্রিকেটের জন্য সুখবর বলছেন ২০০২ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী সাঙ্গাকারা, ‘খুব বেশি দিন আগের কথাও নয়, একসময় ক্রিকেটে একটি কি দুটি দেশই ওয়ানডেতে দাপট দেখাত। কিন্তু গত কয়েক বছরে আমরা দেখেছি অনেকগুলো দল দুর্দান্ত উন্নতি করেছে। এখন চার কি পাঁচটা দল তো প্রায় সমশক্তির—যাদের প্রত্যেকের সুযোগ আছে বড় টুর্নামেন্ট জেতার।’ সূত্র : আইসিসির কলাম।