চার ওপেনারের ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬৬ বলে ৭০ রানের ইনিংসে তামিম যেন আগের সেই আগ্রাসী তামিম। কাল মিরপুরে l প্রথম আলো
৬৬ বলে ৭০ রানের ইনিংসে তামিম যেন আগের সেই আগ্রাসী তামিম। কাল মিরপুরে l প্রথম আলো

কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরীক্ষায় তাহলে পাস করে গেলেন ইমরুল কায়েস! এমনিতে ওপেনিংয়ে ব্যাট করলেও মিরপুরে কাল দিবারাত্রির প্রস্তুতি ম্যাচে কোচ তাঁকে ব্যাট করালেন তিন নম্বরে। ইমরুল সফলও হলেন। কে জানে, তাঁর এই সাফল্য হয়তো ওয়েস্ট ইন্ডিজে নতুন এক ব্যাটিং অর্ডারই দেখাবে!

ক্যারিবীয় সফরের ১৫ সদস্যের দলে আছেন চার ওপেনার। হাথুরুসিংহের জন্য তাই দু-একজন ওপেনারকে অন্য জায়গায় খেলানোর চিন্তা করাটাই স্বাভাবিক। ইমরুলের কালকের ৫৯ রান কোচের কাজটা একটু সহজই করে দিল। তবে বড় সুখবরটা দিলেন বিসিবি লাল দলের তামিম ইকবাল। এনামুল হকের (বিজয়) সঙ্গে ১১৭ রানের ওপেনিং জুটিতে করেছেন ৭০। ৬৬ বলের ইনিংসে চারটা করে চার ও ছক্কা। আগের প্রস্তুতি ম্যাচে ৪৪ রান করে অবসর নিলেও বল খেলেছিলেন ১০২টা। বোঝাই যাচ্ছিল দাঁতে দাঁত চেপে উইকেটে পড়ে থাকার প্রতিজ্ঞা ছিল সেদিন। কিন্তু কালকের তামিম যেন সেই পুরোনো তামিম! আক্রমণাত্মক, আগ্রাসী, বোলারের সামনে ভয়ংকর। ব্যাট হাতে যে কঠিন সময়টা পার করছিলেন, তাতে এই দুই ইনিংসের পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন তামিম।

এনামুল হক যা করলেন, সেটাও তো সুখবর! রানে তামিমকেও পেছনে ফেলেছেন লাল দলের এই ওপেনার। বিসিবি সবুজ দলের দেওয়া ২০২ রানের লক্ষ্য ছুঁতে তামিমকে সঙ্গে নিয়েই অর্ধেকের বেশি কাজ সেরে ফেলেছিলেন। বাকিটা সারলেন মাহমুদউল্লাহ-মুশফিক-সাব্বিরকে নিয়ে। তাতে ৩৭.৫ ওভারেই ম্যাচ জিতে যায় লাল দল। তবে প্রস্তুতি ম্যাচের সুবিধা নিয়ে কোচ আরও খানিকটা সময় ম্যাচ চালিয়ে নেওয়ায় সেঞ্চুরিই করে ফেলেন এনামুল। ১০৮ বলে ১০৩ রানে অপরাজিত, ৯টা বাউন্ডারির সঙ্গে ছক্কা মেরেছেন চারটি।

এনামুল, তামিম, ইমরুল রান পেয়েছেন। ২৭ বলে ২৭ রানের ইনিংসে আত্মবিশ্বাসটা দেখাতে পেরেছেন সবুজ দলের ওপেনার শামসুর রহমানও। শেষ প্রস্তুতি ম্যাচে কোচের পরীক্ষা-নিরীক্ষাটাকে তাই সফলই বলতে হবে। ইমরুলও ম্যাচের মাঝবিরতিতে বলছিলেন, ‘কোচ বলেছেন, “আমি তোমাকে তিন নম্বরে খেলাব।” তিন নম্বরে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকো।’ সঙ্গে চার ওপেনারের জন্যই যেন বললেন, ‘একজন ব্যাটসম্যান যেখানেই রান করুক না কেন, আত্মবিশ্বাসটা থেকে যায়। আমার মনে হয় এখানেই রান করি বা অন্য কোথাও, আত্মবিশ্বাস থাকলে যেকোনো কন্ডিশনেই মানিয়ে নেওয়া সম্ভব।’

১৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠার আগে আজই শেষ অনুশীলন করবে বাংলাদেশ দল। তার আগে প্রস্তুতি ম্যাচ দুটিতে যে পরীক্ষা-নিরীক্ষা হলো, তাতে সন্তুষ্ট হতে পারেন কোচ হাথুরুসিংহে। তামিম, ইমরুল, এনামুল, শামসুর—টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা যে অনেকটাই কমিয়ে দিলেন তাঁরা!