চার ক্রিকেটারের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিনে বাগ্বিতণ্ডায় জড়িয়ে জরিমানা গুনতে হচ্ছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও দুই ভারতীয় বিরাট কোহলি ও শিখর ধাওয়ানকে। ম্যাচের চতুর্থ দিন দুটি আলাদা ঘটনায় মাঠে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন এই তিনজন।
চতুর্থ দিন দ্বিতীয় সেশনে বরুণ অ্যারনের নো বলে বোল্ড হয়েছিলেন ওয়ার্নার। পরে তাঁকে ক্রিজে ফেরান আম্পায়াররা। ফেরার পথে ধাওয়ানের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় ওয়ার্নারের। এ ঘটনায় ওয়ার্নারকে ম্যাচ ফির ১৫ শতাংশ আর ধাওয়ানকে ৩০ শতাংশ জরিমানা করা হয়। অন্যদিকে চতুর্থ দিনের শেষ দিকে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের সঙ্গে বাগ্বিতণ্ডার কারণে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা দিতে হচ্ছে কোহলিকে।
এ ছাড়া আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা গুনতে হচ্ছে শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারাকেও। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ওয়ানডেতে আম্পায়ারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোয় তাঁর ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ইনিংসের ৩৪তম ওভারে ব্যাটিং পাওয়ার প্লে নিতে চেয়েছিলেন সাঙ্গাকারা। কিন্তু আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড রাজি না হলে এ নিয়ে তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন সাঙ্গাকারা। ক্রিকইনফো।