এই টেস্টে ভারতের সেরা বোলার মোহাম্মদ শামি! তবে টেস্টের নায়ক তিনি নন, এমনকি রবিচন্দ্রন অশ্বিনও নন। প্রায় ভুলে যেতে বসা ‘ব্যাটসম্যান’ রূপে দেখা দিয়ে ম্যাচসেরা রবীন্দ্র জাদেজা।
প্রথমেই তিন স্পিনারকে টপকে শামির বেশি উইকেটের রহস্য ভেদ করা যাক। সিরিজে আগে ভাবা হচ্ছিল ইংল্যান্ডকে স্পিন-বিষে নীল করবে ভারত। কিন্তু তিনটি টেস্ট হয়ে গেল, ওরকম কিছু দেখা গেল না। ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন এ রকম ইচ্ছে কখনোই ছিল না তাঁদের, ‘একটা পিচও স্পিন-স্বর্গ ছিল না। আমরা খুব ভালো খেলছি। আমরা দিন দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছি।’
সেটিরই প্রমাণ চার দিনেই মোহালি টেস্ট জিতে সিরিজে ২-০-তে এগিয়ে যাওয়া। প্রমাণ পার্থিব প্যাটেলও। ঋদ্ধিমান সাহার চোটে আট বছর পর টেস্ট খেলতে নেমেছেন। প্রথম ইনিংসে ৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে ফিফটি করে ফেললেন মাত্র ৩৯ বলে। ৫৪ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে ১১টি চার ও ১ ছক্কা।
প্রত্যাবর্তনের পর এমন ইনিংস বলেই পার্থিবকে টানা, না হলে জাদেজার কথাটাই আগে বলা হতো। বোলিংয়ে অশ্বিনের পরিপূর্ণ এক সঙ্গী হয়ে উঠেছেন অনেক দিনই, কিন্তু তাঁর ‘ব্যাটসম্যান’ সত্তাটা তাতে হারিয়েই যাচ্ছিল। দুই ইনিংসে গুরুত্বপূর্ণ ৪টি উইকেট পেয়েছেন, এর মধ্যে কাল ভারতের মাথাব্যথা হয়ে ওঠা জো রুটও আছেন। তবু ম্যাচ শেষে ক্যারিয়ার-সেরা ৯০ রানের ইনিংসটা নিয়েই তৃপ্তিটা বেশি জাদেজার।
কাল গল্পটা হাসিব হামিদকে নিয়েও লেখা হতে পারত। অনেক আগ্রহ জাগিয়ে ভারত সফরটা শুরু করেছিলেন এই তরুণ। কিন্তু সেটি হঠাৎই শেষ হয়ে গেল এই ওপেনারের। হাতে চোট পাওয়ায় ইংল্যান্ডে ফিরে যেতে হচ্ছে তাঁকে। কিন্তু শেষটাও কী দুর্দান্তভাবে করলেন! পরশু ইনিংস উদ্বোধন করতে পারেননি। কাল দলের প্রয়োজনে নামতেই হলো ব্যাটিংয়ে, আটে নেমে খেললেন অসাধারণ এক ইনিংস। ১৫৬ বলের দৃঢ়প্রতিজ্ঞ সে ইনিংস দেখে ধারাভাষ্যকারেরাও প্রশ্ন তুললেন, চোট থাকলেই বা কী, হামিদকেই আগে নামানো হলো না কেন! অশ্বিনকে ছক্কা হাঁকিয়ে পঞ্চাশে পৌঁছানো হামিদকে আউটই করতে পারেননি কেউ। কিন্তু সঙ্গীহারা হয়ে দলের স্কোরটা ২৩৬ রানের চেয়ে বড় করতে পারলেন না তিনি।
মুম্বাইয়ে সিরিজের চতুর্থ টেস্ট শুরু ৮ ডিসেম্বর। তথ্যসূত্র: ক্রিকইনফো।