
জিততে হলে পাহাড় টপকাতে হতো নিউজিল্যান্ডকে। কিন্তু কাছাকাছিও যেতে পারল না কিউইরা, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল চার দিনেই। সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ২০৪ রানের জয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের পাঁচে উঠে এসেছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার মাঠে নিউজিল্যান্ডের প্রথম সিরিজ জয়ের স্বপ্নও অধরাই থেকে গেল।
তৃতীয় দিন শেষেই ৩৭২ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। কাল সকালে ৪০০ রানের লিড নেওয়ার পরই ইনিংস ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকান ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। টেস্ট ইতিহাসেই এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে মাত্র চারটি, দক্ষিণ আফ্রিকায় একটিও নেই। সেই পাহাড় ছুঁতে গিয়ে শুরুতেই মুখ থুবড়ে পড়েছে নিউজিল্যান্ড। নিজের প্রথম ওভারেই ডেল স্টেইন ফিরিয়ে দিয়েছেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও টম ল্যাথামকে, দুজনই ‘গোল্ডেন ডাক’! মাত্র ৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড, তাদের টেস্ট ইতিহাসেই এত কম রানে ৪ উইকেট পড়েনি কখনো।
শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে লজ্জা থেকে বাঁচিয়েছেন বিজে ওয়াটলিং ও হেনরি নিকোলস। পঞ্চম উইকেটে দুজন যোগ করেছেন ৬৮ রান। নিউজিল্যান্ডের লোয়ার অর্ডার প্রতিরোধের চেষ্টা করলেও তাতে হারের ব্যবধানই শুধু কমেছে। বেশ কিছুক্ষণ লড়ে নিকোলস আউট হয়ে গেছেন ৭৬ রানে। স্টেইন নিয়েছেন পাঁচ উইকেট, দুই ইনিংস মিলে আটটি। অবশ্য স্টেইন নন, ১৩২ রান ও ছয়টি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন কুইন্টন ডি কক। ক্রিকইনফো।