মধ্যাহ্ন বিরতির সময় ২ উইকেটে ৮০। সেই জিম্বাবুয়েই চা-বিরতিতে গেল ৭ উইকেটে ১৪১ রান নিয়ে। মাঝের এই একটা সেশনে আগের তিন দিনেরও বেশি সময়ের পুরো পরিশ্রম পণ্ড হয়ে গেল জিম্বাবুয়ের। ৬১ রানে ৫ উইকেট হারিয়ে ওই এক সেশনেই আসলে হারারে টেস্টটা দক্ষিণ আফ্রিকার হাতে তুলে দিল ব্রেন্ডন টেলরের দল।
চা-বিরতির পরেই ১৮১ রানে অলআউট হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য ছিল মাত্র ৪১ রান। ওপেনার ডিন এলগার ২১ রান করে বিদায় নিলেও আলভিরো পিটারসেন (১৭) আর ফ্যাফ ডু প্লেসির (৫) জুটি সেই লক্ষ্যে পৌঁছেছেন একেবারেই স্বচ্ছন্দে, একাদশ ওভারে। চার দিনেই তাই সিরিজের একমাত্র টেস্টটা জিতে নিল হাশিম আমলার দল।
মধ্যাহ্ন বিরতির পর উইকেটে জিম্বাবুইয়ান ব্যাটসম্যানদের আত্মহননের মিছিল দেখে একসময় মনে হচ্ছিল, হয়তো ইনিংসেই হারবে স্বাগতিকেরা। তবে অষ্টম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে সে লজ্জা থেকে দলকে বাঁচিয়েছেন রিচমন্ড মুতুম্বাবি ও জন নিয়ুম্বু।
চতুর্থ দিনে জিম্বাবুয়েকে ধসিয়ে দেওয়ার মূল কাজটা করেছেন ড্যান পিট, মরনে মরকেল আর ডেল স্টেইন। স্টেইন-মরকেলের কাছে হয়তো এটা প্রত্যাশিতই ছিল অধিনায়ক আমলার। কিন্তু পিট রীতিমতো মুগ্ধ করেছেন দক্ষিণ আফ্রিকার সমর্থকদের। এই টেস্টেই অভিষেক হওয়া দক্ষিণ আফ্রিকান অফ স্পিনার প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন আরও ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার ইতিহাসেও অভিষেকে কোনো স্পিনারের এটা সেরা পারফরম্যান্স। ১৯৪৭ সালে নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ৭ উইকেট পেয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান লেগ স্পিনার ইয়ান স্মিথ। তথ্যসূত্র: ক্রিকইনফো ও টেন অ্যাকশন।