চার দিনের টেস্ট নিয়ে গ্রেভস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসিবির এ ভাবনাটা সংবাদমাধ্যম ফাঁস করে দিয়েছিল আগেই। সেটা নিয়ে তখন সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছিলেন ইংলিশ বোর্ডের কর্তারা। তবে এবার সেটিকে স্বীকার করে বাস্তবায়নে আটঘাট বেঁধে নামছেন কলিন গ্রেভস। ইয়র্কশায়ার কাউন্টির বিদায়ী চেয়ারম্যান আগামী মাসেই দায়িত্ব নিচ্ছেন ইসিবির। ইংলিশ ক্রিকেট নিয়ে তাঁর অনেক পরিকল্পনা আছে। তবে প্রথম পরিকল্পনা, টেস্ট ম্যাচ চার দিনে নামিয়ে আনা!
গ্রেভসের পরিকল্পনা দিন কমিয়ে দৈনিক ওভার বাড়ানোর। মূলত বাণিজ্যিক দিক মাথায় রেখেই গ্রেভসের এই ভাবনা, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি টেস্ট ম্যাচ হওয়া উচিত চার দিনের, প্রতিদিন ১০৫ ওভার করে। সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে, যতক্ষণ দিনের সব ওভার শেষ না হয়, খেলা চলবে। সব মাঠেই তো ফ্লাডলাইট আছে এখন। প্রতিটি টেস্ট শুরু হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার আর শুক্রবার হবে করপোরেট ডে, শনি-রোববার ফ্যামিলি ডে। খরচের দিক থেকে একটি দিন কমিয়ে আনা মানে অনেক খরচ কমিয়ে আনা সম্ভব। আমি ব্যাপারটি দেখছি সেদিক থেকেই।’
দিনে ১০৫ ওভার করে হলে এখনকার চেয়ে একটি দিন কম খেলা হলেও ওভার কমবে মাত্র ৩০টি। তবে গ্রেভসের ভাবনা মূলত ইংল্যান্ডের দৃষ্টিকোণ থেকে। ইংল্যান্ডে সূর্যালোক অনেকটা সময় থাকে বলে হয়তো ১০৫ ওভার খেলানো সম্ভব। সব মাঠে ফ্লাডলাইটও আছে। কিন্তু ক্রিকেট-বিশ্বের বেশির ভাগ জায়গাতেই দিনে ৯০ ওভার খেলা হয় না অনেক সময়ই। ফ্লাডলাইটও নেই সব জায়গায়। প্রস্তাবটির সামনে তাই অনেক চ্যালেঞ্জ। সিডনি মর্নিং হেরাল্ড।