চার দিনের টেস্টও চায় না ভারত
প্রস্তাবটা ছিল আইসিসির। সেই প্রস্তাব নিয়ে আলোচনাও চলছে অনেক দিন ধরে। দ্বিস্তরের টেস্ট ক্রিকেটের পক্ষে-বিপক্ষে মত দিচ্ছেন অনেকেই। এ বছর জুনে এডিনবরায় আইসিসির সভায়ও এ নিয়ে কথাবার্তা হয়েছে। শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তারপরও দ্বিস্তরবিশিষ্ট টেস্ট কাঠামোর পক্ষে কোন কোন দেশ আর বিপক্ষে কারা, সেটি সম্পর্কে কিছুটা আঁচ পাওয়া গেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা যেমন স্পষ্টতই এ প্রস্তাবের বিরোধিতা করেছে। কাল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি অনুরাগ ঠাকুরও স্পষ্ট করে দিয়েছেন, ভারত দ্বিস্তরের টেস্ট ক্রিকেট তো নয়ই, চার দিনের টেস্টের ধারণাও সমর্থন করে না।
ক্রিকইনফোর সঙ্গে এক সাক্ষাৎকারে ঠাকুর বলেছেন, ‘আপনার সামনে যদি আদর্শ একটা ফরম্যাট না থাকে, তাহলে কীভাবে ক্রিকেটের উন্নতি হবে? আমার মনে হয় আমাদের এসব পরিবর্তনের মধ্যে যাওয়াই উচিত নয়।’ সেই পরিবর্তন বলতে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নাকি চার দিনের টেস্ট, কোনটার কথা বলছেন—এই প্রশ্নও করা হয়েছিল ঠাকুরকে। বিসিসিআই সভাপতি উত্তর দিয়েছেন, ‘চার দিনের টেস্ট কিংবা দ্বিস্তর, যেটাই হোক, সব ক্ষেত্রেই আমাদের একই অবস্থান।’ ক্রিকইনফো।