চার দিনের টেস্টের পক্ষে টেলর-চ্যাপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিবারাত্রির টেস্ট নিয়েও এমন অনেক কথাবার্তা হয়েছে। একসময় যেটা ছিল শুধু প্রস্তাব, সেটাই বাস্তব হতে যাচ্ছে অ্যাডিলেডে আগামী শুক্রবার থেকে। সে রকমই আরেকটি প্রস্তাবের পক্ষে এবার উচ্চকণ্ঠ হলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলর। পাঁচ দিন নয়, চার দিনের টেস্টের পক্ষে তিনি। টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে চার দিনের টেস্টের ধারণাকে সমর্থন করছেন আরেক সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রেগ চ্যাপেলও।
কেন চার দিনের টেস্টের পক্ষে সেটার একটা ব্যাখ্যাও দিয়েছেন টেলর, ‘আপনাকে সামগ্রিকভাবে খেলাটার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। ক্রিকেট এখন কোন দিকে যাচ্ছে? এখনকার প্রজন্ম তাৎক্ষণিক বিনোদন চায়। পাঁচ দিন ধরে তাদের খেলাটার প্রতি আগ্রহী রাখা খুবই কঠিন কাজ।’
সে কারণেই টেলর চান পাঁচ দিনের বদলে টেস্ট ক্রিকেট হোক চার দিনের, যেখানে প্রতিদিন ৯০ ওভারের বদলে খেলা হবে ১০০ ওভার। বেশির ভাগ টেস্টই যাতে বৃহস্পতিবার শুরু হয় সেই প্রস্তাবও দিয়েছেন টেলর। তাতে খেলার মূল উত্তেজনাটা পড়বে রোববার ছুটির দিনে।
সব মিলিয়ে প্রস্তাবগুলোকে খুব একটা অযৌক্তিক মনে করছেন না গ্রেগ চ্যাপেল। অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সফল এই অধিনায়ক এটাকে দেখছেন সময়ের দাবি হিসেবে, ‘এমনিতে আমি রক্ষণশীলদের দলে। কিন্তু চার দিনের টেস্ট নিয়ে আমার মধ্যে কোনো ভীতি নেই। গত শতাব্দীর শুরুর দিকেও তো অনির্দিষ্ট সময়ের টেস্ট ছিল, যা সাত-আট দিন ধরে চলত। সেখান থেকে পরে পাঁচ দিনের টেস্ট হয়েছে। এই যুগে এসে তাই আমাদের এসব ব্যাপারও বিবেচনায় রাখতে হবে।’ এএফপি।