চার নম্বরে সুযোগ পাচ্ছেন না, অভিমানে বিদায় রাইড়ুর

>এমনিতেই ভারতের বিশ্বকাপ দলে সুযোগ পাননি। কিছুদিন আগে শিখর ধাওয়ান চোটে পড়লেন, তাঁর জায়গায় ডাক পেলেন ঋষভ পন্ত। শেষমেশ বিজয় শংকরের চোটের কারণে যখন ময়ঙ্ক আগরওয়াল ডাক পেলেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেল রাইড়ুর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতের মিডল অর্ডার ব্যাটসম্যান অম্বাতি রাইড়ু। বিসিসিআইয়ের সভাপতি রাহুল জোহরি নিশ্চিত করেছেন, অবসরের সিদ্ধান্ত জানিয়ে বিসিসিআইয়ের ক্রিকেট অপারেশনসবিষয়ক ব্যবস্থাপক সাবা করিমকে ই-মেইল করেছেন রাইড়ু।
বহুদিন ধরেই ব্যাটিং অর্ডারের চার নম্বরে কে থাকবেন, এ নিয়ে চিন্তায় আছে ভারতের ক্রিকেট বোর্ড। অজিঙ্কা রাহানে, অম্বাতি রাইড়ু থেকে শুরু করে দিনেশ কার্তিক, ঋষভ পন্ত, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া—অনেককেই ঘুরেফিরে সুযোগ দিয়েছে বিসিসিআই। সবচেয়ে বেশি সুযোগ পেয়েছিলেন সম্ভবত রাইড়ুই। তাও একাদশে নিজের জায়গা পাকা করতে পারেননি। যে কারণে বিশ্বকাপে তাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করে ভারত। দল ঘোষণার পর রাইড়ু সেখানে নিজের নাম না দেখে টুইট করেছিলেন, ‘এক জোড়া থ্রি-ডি চশমা অর্ডার করলাম। এবারের বিশ্বকাপ ওটা পরেই দেখব!’ পরোক্ষভাবে নির্বাচকদের দিকেই যে তোপ দেগেছেন, বুঝতে বাকি ছিল না কারও।
সেই টুইট করার কারণেই কিনা বিসিসিআইয়ের একরকম ‘চক্ষুশূল’ হয়ে গেছেন রাইড়ু। দেড় মাস লম্বা বিশ্বকাপ খেলতে গিয়ে শিখর ধাওয়ান ও বিজয় শংকর চোটে পড়েছেন। বিকল্প হিসেবে বিসিসিআই দলে ডেকেছে ঋষভ পন্ত ও ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা ময়ঙ্ক আগরওয়ালকে। অভিজ্ঞ রাইড়ুর জায়গায় আগরওয়ালকে নেওয়ার বিষয়টা খোদ রাইড়ুই হজম করতে পারেননি। মনে করা হচ্ছে, রাইড়ুর অবসরের পেছনে এটাই কারণ। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো কারণ উল্লেখ করা হয়নি।
৫৫টি ওয়ানডে ম্যাচে ৫০ ইনিংস খেলে ৪৭.০৪ গড়ে ১ হাজার ৬৯৪ রান করেছেন রাইড়ু। ২০১৩ সালে অভিষিক্ত হয়েও জাতীয় দলে কখনোই নিজের জায়গা পাকা করতে পারেননি এই ক্রিকেটার।