চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাক গায়ে চাপালেন উইকেটকিপার নুরুল হাসান ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান। আর টস করতে নেমে ‘অভিষেক’ হয়েছে অধিনায়ক তামিম ইকবালের। তবে এ তিনজনের চেয়েও আলোচনায় দলে থাকা আরেকটি নাম—রুবেল হোসেন। ক্রাইস্টচার্চ টেস্টে খেলছেন এই পেসার। তবে নিজেকে প্রমাণ করতে অপেক্ষায় থাকতে হচ্ছে তাঁকে, টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে নিউজিল্যান্ড। এরই মধ্যে তামিমকে হারিয়েও ফেলেছে বাংলাদেশ। ৫ রান করে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন তামিম। লড়াইটায় শুরুতে হার মানলেন অধিনায়ক।
সফরের শেষ ম্যাচে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ। চোটে ছিটকে পড়া ইমরুল কায়েস, মুমিনুল হক ও মুশফিকুর রহিমের বদলি হিসেবে তিনটি পরিবর্তনের কথা জানাই ছিল। ওপেনিংয়ে সৌম্য সরকার, টপ অর্ডারের নাজমুল ও উইকেটকিপিংয়ে নুরুলের দলে ঢোকা নিশ্চিত হওয়া গেছে কাল। এ টেস্ট দিয়েই নাজমুলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে। তবে রুবেলের ডাক পাওয়াটা একটু চমক জাগিয়েছে। ক্রাইস্টচার্চের উইকেটে রুবেলের বাড়তি পেস কাজে লাগাতেই এই পরিবর্তন, জানালেন অধিনায়ক তামিম। রুবেলকে জায়গা দিতে বাদ পড়েছেন শুভাশিস রায়।
বাংলাদেশ দলে চারটি পরিবর্তন এলেও অপরিবর্তিত দল নামিয়েছে স্বাগতিক দল।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হাসান, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, কামরুল ইসলাম।