চার পেসার নিয়ে খেলুক বাংলাদেশ

টি-টোয়েন্টিতে আমরা যথেষ্ট আস্থাশীল নই, এটা জেনেই আমরা এই টুর্নামেন্টটা শুরু করেছিলাম। সেই জায়গা থেকে এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত আসতে বাংলাদেশ যেমনটা খেলেছে, সেটা আমাদের অনেকের কাছেই চমক হয়ে এসেছে। তবে আমাদের মনে রাখা উচিত, নিয়মিত ফাইনাল খেলার অভ্যাস আছে এমন একটা দলের বিপক্ষে চমক জাগিয়ে ফাইনালে ওঠা একটা দলের পার্থক্য থাকবেই। সুতরাং ভারতের মানসিক প্রস্তুতি আর আমাদের মানসিক প্রস্তুতি এক হবে না। অভিজ্ঞতা ও শক্তিতে ভারত আমাদের চেয়ে এগিয়ে তাতে কোনো সন্দেহ নেই। তবে ‘আন্ডারডগ’ হওয়ায় আমি মনে করি বাংলাদেশেরই সুবিধা বেশি।
মুস্তাফিজুর রহমান থাকলে মানসিকভাবে দলটা আরও বেশি চাঙা থাকত। একইভাবে ভারতের ব্যাটসম্যানরাও থাকত মানসিক চাপে। শুধু উইকেট নেওয়ার ক্ষেত্রেই নয়, ক্রমাগত রান আটকে রেখে অন্য প্রান্তের বোলারকে উইকেট নেওয়ার সুযোগ করে দিতেও ভালো ভূমিকা রাখতে পারত সে। পাকিস্তানের বিপক্ষে ওর অভাবটা সেভাবে অনুভূত না হলেও ভারতের সঙ্গে কিছুটা অনুভূত হতেই পারে। ও না থাকায় ভারতীয় ব্যাটসম্যানদের যে এক ধরনের মানসিক প্রশান্তি কিন্তু থাকবে। অন্যদিকে তামিমের ফেরাটা আবার বাংলাদেশের জন্য সুসংবাদ। যদিও সর্বশেষ ম্যাচটিতে তাঁকে স্বরূপে দেখা যায়নি, তবে তামিমের উপস্থিতিটাই সব সময় প্রতিপক্ষের জন্য হুমকি।
আমরা কোন ধরনের উইকেটে খেলছি, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠতে পারে। টুর্নামেন্টটা শুরু হয়েছিল সিমারদের জন্য খুব প্রাণবন্ত উইকেট দিয়ে, সেই ধরনের উইকেট কিন্তু সর্বশেষ কয়েকটি ম্যাচে দেখা যায়নি। সেই মুভমেন্ট, সেই বাউন্স কিন্তু ছিল না। মনে হয়েছে চিরাচরিত বাংলাদেশের উইকেট। ফাইনালের জন্য যদি এমন উইকেট রাখা হয়, আমার মনে হয় সেটা বাংলাদেশের জন্য সুখবর হবে না। বরং এতে ভারতীয় ব্যাটসম্যানদের আধিপত্য করার সুযোগ বেড়ে যাবে। আমাদের পেসাররা বেশ ভালো করছে। এখন যদি ওরা ফাইনালে উইকেট থেকে কোনো সাহায্য না পায়, তাহলে হঠাৎ করে খেই হারিয়ে ফেললেও ফেলতে পারে।
সেই হিসেবে আমি মনে করি, টুর্নামেন্টের শেষ ম্যাচ বলে ব্যাটিং উইকেট করতে হবে, এটা নিয়ে না ভেবে গিয়ে বরং একটু ঘাসের উইকেট, সিমিং উইকেট বানিয়ে বাংলাদেশ ঝুঁকি নিতে পারে। আমি চাই বাংলাদেশ আক্রমণাত্মক খেলুক। আর সে জন্যই একাদশে আরাফাত সানির জায়গায় আবু হায়দার রনিকে দেখতে চাই। এটা তো সত্যি, ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের বিপক্ষে খুব ভালো। ওদিকে আমরা দেখেছি, ভারতের বিপক্ষে মোহাম্মদ আমির বেশ ভালো বল করেছে। আমিরের মতো না হলেও আবু হায়দারের সামর্থ্য আছে বল ভেতরে আনার বা বাইরে নেওয়ার। যদিও এই টুর্নামেন্টে ও কোনো ম্যাচ খেলেনি, কিন্তু দলের সঙ্গে থেকে অনুশীলন করেছে, তাকে নিয়ে কোচ কাজ করেছেন। সুতরাং আমরা সুযোগ নিতেই পারি। ভারতীয় পেসাররা খুব আহামরি কিন্তু নয়। আশিস নেহরার কিছু মুভমেন্ট আছে। কিন্তু জসপ্রিত বুমরা আর হার্দিক পান্ডিয়া এমন কোনো বোলার নয়, যারা আমাদের জন্য খুব কঠিন হয়ে উঠতে পারে।
আর একটা জায়গায় বাংলাদেশ আজ পরিবর্তনের কথা ভাবতে পারে, সেটা হচ্ছে নাসির হোসেনকে খেলানো। আমি জানি না কেন ওকে এই টুর্নামেন্টে খেলানো হয়নি। পাকিস্তানের সঙ্গে আগের ম্যাচে তো কোচ মিঠুনের ওপরে আস্থা না রেখে মাশরাফির ওপরে আস্থা রেখেছেন, কিংবা অধিনায়ক নিজেই নেমেছেন চার-ছক্কা মারার জন্য। সুতরাং আমি মনে করি মিঠুনকে না খেলিয়ে নাসিরকে সুযোগ দেওয়া যেতে পারে। আর নাসিরের মধ্যেও নিশ্চয়ই কিছু একটা করে দেখানোর তাড়না কাজ করছে, যেটা আমাদের জন্য ভালো হবে। শুধু ব্যাটিংয়েই নয়, ও দলে থাকলে আউটফিল্ডে বাংলাদেশের যে দুর্বলতাগুলো দেখতে পাচ্ছি, সেগুলো কিছুটা হলেও কমে আসবে।
আর একটা কথা, এই রকম উইকেটে হঠাৎ করে মাঠে নেমে চার-ছক্কা মারা কিছুটা কঠিন মনে হয়েছে আমার কাছে। সে ক্ষেত্রে ব্যাটসম্যানদের কাছে আমার চাওয়া, থিতু হয়ে যেন কেউ উইকেট না দিয়ে আসে। ইনিংসটা শেষ করে আসতে হবে।
অতিরিক্ত শিশির যদি না পড়ে, আমার মনে হয় না টস খুব বড় ভূমিকা রাখবে। তবে আমরা যদি টস জিতি তাহলে আগে ফিল্ডিং করলে হয়তো আমাদের জন্য ভালো হতে পারে। যদিও ভারতের মতো দলের বিপক্ষে তিনটি বিভাগেই ভালো না খেললে জেতা কঠিন।