চার পেসারে রোমাঞ্চিত স্টার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের কন্ডিশন, সাঁই সাঁই করে ছুটে যাচ্ছে গোলার মতো একেকটি বল। ব্যাটসম্যানদের জন্য রীতিমতো দুঃস্বপ্ন! কিন্তু এই কল্পনাতেই যেন চোখ জ্বলজ্বল করছে আরেকজনের—মিচেল স্টার্ক। বাঁহাতি ফাস্ট বোলারের স্বপ্ন, তিনি ও অস্ট্রেলিয়ার পেস আক্রমণে তাঁর তিন সঙ্গী জেমস প্যাটিনসন, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স—এই চার পেসার চ্যাম্পিয়নস ট্রফিতে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ছিঁড়েখুঁড়ে ফেলবেন!
ভয়ংকর পেস, দুর্দান্ত সুইং, ইচ্ছেমতো ইয়র্কার-বাউন্সারে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার ক্ষমতা...এসব নিয়ে কখনোই সংশয় ছিল না চারজনকে ঘিরে। তবু বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার এই ‘পেস কোয়ার্ট্রেট’ এখনো হয়ে আছে ‘ইশ, যদি’র গল্প! কেন? বেয়াড়া চোট। কখনো প্যাটিনসন চোটে তো কখনো কামিন্স। আজ একজন চোট কাটিয়ে ফেরেন, তো কাল চোটে পড়েন অন্যজন। চারজনের তাই একসঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে খেলাই হয়নি কখনো! না টেস্টে, না ওয়ানডেতে, না টি-টোয়েন্টিতে!
অপেক্ষাটা শেষ হয়ে যেতে পারে এবার চ্যাম্পিয়নস ট্রফিতেই। চারজনই আছেন অস্ট্রেলিয়া দলে। ফর্মও দুর্দান্ত, বয়সও চারজনের পক্ষেই বলে। সব মিলিয়েই স্টার্কের স্বপ্ন, শুধু এই চ্যাম্পিয়নস ট্রফিই নয়, অনেক দিনই বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াবে এই পেস-চতুষ্টয়, ‘চোট নিয়ে কিছু সমস্যা ছিল আমাদের। কিন্তু প্যাটি (প্যাটিনসন) মাত্র ২৪-এ পা রাখল। আমি ২৭, আমারই বয়স সবচেয়ে বেশি। তাই বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের ভোগানোর জন্য যথেষ্ট সময় আমাদের হাতে আছে। আশা করি, সেটা এই চ্যাম্পিয়নস ট্রফি থেকেই শুরু হবে। এরপর বছরের শেষ দিকে অ্যাশেজও আছে।’
প্রথমবার একসঙ্গে খেলার রোমাঞ্চও আছে স্টার্কের, ‘বলতে গেলে একসঙ্গেই বেড়ে উঠেছি, এত দূর এসেছি। কিন্তু কখনো একই সঙ্গে একই দলে খেলা হয়নি আমাদের। সময়টা তাই আমাদের চারজনের জন্যই রোমাঞ্চকর। অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্যও।’
চারজনকে একসঙ্গে দেখা রোমাঞ্চকর হবে নিখাদ ক্রিকেটপ্রেমীদের জন্যও। এএফপি।