চার বছর পর জহুরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার বছর। কোনো সেঞ্চুরি পাচ্ছিলেন না জহুরুল ইসলাম। জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান কাল ঘোচালেন সেই সেঞ্চুরি-খরা। জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগের ব্যাটসম্যান করেছেন ১৩১। রাজশাহীতে চট্টগ্রামের বিপক্ষে দ্বিতীয় স্তরের ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন জহুরুল সতীর্থ মিজানুর রহমানও। খুলনায় সেঞ্চুরি করেছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার সোহাগ গাজী। তিন সেঞ্চুরির দিনে বাজে আবহাওয়ার কারণে বগুড়ায় খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচে একটি বলও হতে পারেনি।
খুলনায় ৮৭ রান নিয়ে দিন শুরু করা সোহাগ প্রথম শ্রেণির ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরিটা পেয়ে যান ষষ্ঠ ওভারেই। মাত্রই বোলিং অ্যাকশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসা বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে ছয় মেরেই তিন অঙ্ক ছুঁয়েছেন সোহাগ। পরে সানির বলেই স্টাম্পিংয়ের শিকার হওয়ার আগে ১৯০ বলে ১৩ চার ও ৪ ছয়ে ১৪২ রান করেছেন বরিশালের অলরাউন্ডার। এ ছাড়া আটে নেমে ক্যারিয়ার-সর্বোচ্চ ৬২ রান করেছেন মনির হোসেন। বরিশালের প্রথম ইনিংস থেমেছে ৪১৯ রানে। দিন শেষে ঢাকা মহানগরের স্কোর ১৪৫/৩।
রাজশাহীতে জহুরুলের রাজশাহী প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৮২ রান তুলে চট্টগ্রামের চেয়ে ৩৪১ রানে এগিয়ে গেছে। উদ্বোধনী ব্যাটসম্যান মিজানুর করেছেন ১৪৪। ১১৮ ইনিংস পর যেকোনো ধরনের ক্রিকেটই প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া জহুরুল মাত্র ১৪৩ বলেই করেছেন ১৩১। তাঁর ইনিংসে আছে ১৭টি চার ও ২টি ছয়। এ ছাড়া পঞ্চম উইকেটে জহুরুলের সঙ্গে রাজশাহীর রেকর্ড ২০৬ রান যোগ করা উইকেটকিপার হামিদুল সেঞ্চুরি থেকে ১০ রান দূরে ছিলেন।
সিলেটে স্বাগতিক সিলেট রংপুরের প্রথম ইনিংসে চেয়ে ৩ রানে পিছিয়ে। রংপুরকে ২১৭ রানে অলআউট করার পর ২১৪ রানে ৬ উইকেট হারিয়েছে সিলেট। ৯১ রানে অপরাজিত থাকা জাকির হাসান ছাড়া উইকেটে বেশি সময় টিকতে পারেননি অন্য কেউ।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর-বরিশাল * বরিশাল ১ম ইনিংস: ১১৮ ওভারে ৪১৯ (সোহাগ ১৪২, সায়েম ৯৮, মনির ৬২, শাহরিয়ার ৪৮; আশরাফুল ৪/৬২, আরাফাত সানি ৪/১৪৯)। ঢাকা মহানগর ১ম ইনিংস: ৬১ ওভারে ১৪৫/৩ (শামসুর ৪৯, আসিফ ৩৩, মেহরাব ২৯*, মার্শাল ২৬*; সালেহ ১/২২)।
খুলনা-ঢাকা বিভাগ * খুলনা ১ম ইনিংস: ৫০.৫ ওভারে ১৭২/১ (এনামুল ৮৪*, ইফতেখার ৭১*; শাহাদাত ১/৩৪)।
রাজশাহী-চট্টগ্রাম * চট্টগ্রাম ১ম ইনিংস: ১৪১। রাজশাহী ১ম ইনিংস: ১২৫ ওভারে ৪৮২/৫ (মিজানুর ১৪৪, জহুরুল ১৩১, হামিদুল ৯০*, জুনায়েদ ৫৬; আরিফ ২/১১০)।
সিলেট-রংপুর * রংপুর ১ম ইনিংস: ৮৭.৪ ওভারে ২১৭ (ধীমান ৪৫, জাহিদ ৩৯, সায়মন ৩২, নবীন ৩১, সোহরাওয়ার্দী ৩০*; অলক ৩/৪৩, শাহানুর ৩/৫২)। সিলেট ১ম ইনিংস: ৮৩ ওভারে ২১৪/৬ (জাকির ৯১*, শানাজ ৩৫, অলক ২৫; তানভীর ২/৩৮, মাহমুদুল ২/৪৭)।