চার বছর পর তামিমের ফিফটি

ভীষণ মারকুটে ব্যাটসম্যান তিনি। নিজের দিনে বোলারদের এলোমেলো করে দিতে তাঁর জুড়ি নেই। কিন্তু সেই তামিম ইকবালের ব্যাটই নাকি চার বছর ধরে নিষ্প্রভ ক্রিকেটের মারকাটারি ফরম্যাটে! ২০১২ সালের ডিসেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অপরাজিত ৮৮ রানের পর টি-টোয়েন্টিতে তামিমের ব্যাট খুব কমই হেসেছে।
সেই তামিমই আজ দারুণ উজ্জ্বল। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হল্যান্ডের বিপক্ষে চড়াও তামিম। মারমুখী মেজাজে তিনি চার বছর পর তুলে নিয়েছেন আরও একটি ফিফটি। এই প্রতিবেদন লেখার সময় তামিম অপরাজিত ছিলেন ৬০ রানে। ৪২ বলে ৫টি চার ও ২টি ছয়ে সাজানো এই ইনিংসকে ঘিরেই বাংলাদেশের প্রত্যাশা।
এই প্রতিবেদন লেখার সময় ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৯। তামিমকে সঙ্গ দিচ্ছেন দারুণ ফর্মে থাকা মাহমুদউল্লাহ।
এর আগে, ১৫ রান করে ফিরেছেন সৌম্য সরকার ও সাব্বির রহমান। সাকিব আল হাসান ফিরেছেন ৫ রানে।