চার বছর পর রায়নার সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিস্টলের বৃষ্টি টেস্ট সিরিজের দুর্দশা ঘোচানোর কোনো সুযোগই দেয়নি। ভারতকে অবশ্য বেশি দিন অপেক্ষা করতে হলো না। কাল কার্ডিফেই দুঃখ ভোলার সুযোগ পেয়ে গেছে সফরকারীরা। অনেক দিন পর ভারতীয় ব্যাটসম্যানরা জ্বলে উঠলেন ২২ গজে। প্রায় ভুলতে বসা সেঞ্চুরির স্বাদ পেয়েছেন সুরেশ রায়না। ফিফটি পেয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও ওপেনার রোহিত শর্মা। রান পেয়েছেন অজিঙ্কা রাহানেও। এই চতুষ্টয়ের ব্যাটিংয়েই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৩০০-এর বেশি করেছে ভারত। এরপর ইংল্যান্ডকে ১৬১ রানে অলআউট করে ম্যাচটা জিতেছে ১৩৩ রানে।
ইংল্যান্ডের লক্ষ্য ছিল ৩০৫। ভারতীয় ফিল্ডার ও ইংলিশ ওপেনাররা মাঠে নেমে ঠিকঠাক দাঁড়ানোর আগেই বৃষ্টির হানা। ইংল্যান্ড ইনিংসের শুরুটা গেল পিছিয়ে। বৃষ্টি যখন থামল, ওভার কমে গেছে তিনটি। ইংল্যান্ডের পুনর্নির্ধারিত লক্ষ্যটা হলো ২৯৫। কিন্তু উদ্বোধনী জুটিতে ৫৪ রান তোলার পরও ৩৮.১ ওভারেই অলআউট স্বাগতিকেরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতের সূচনায় ছিল টেস্ট সিরিজের ধারাবাহিকতাই। ইনিংসের অষ্টম ওভারে ৪ বলের মধ্যে আউট শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। কোহলি ৩ বল খেলে ফিরলেন শূন্য রানে। এরপর রাহানেকে নিয়ে ক্ষত সারানোর প্রাথমিক কাজটা সারলেন রোহিত। ৯১ রান এসেছে তৃতীয় উইকেটে। ৬ ওভার ও ২২ রানের মধ্যে এই দুজনেরই বিদায়ে মনে হচ্ছিল এটা পুরোনো চেহারার ভারতই। ক্রিজে তখন গত বছরের ১ আগস্টের পর ১৫ ইনিংসে কোনো ফিফটিও না-পাওয়া সুরেশ রায়না। ভরসা কোথায়?
নিজেকে ফিরে পেতে মরিয়া ওই রায়নাই ভরসা দিলেন দলকে। শুরু থেকেই পাল্টা-আক্রমণ। রায়না এক বছর পর শুধু ফিফটিই পেলেন না, পেলেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। তৃতীয় ও চতুর্থ সেঞ্চুরির মাঝে অবশ্য কেটে গেছে চার বছর ও ৯৪ ইনিংস। ৭৫ বলে ঠিক ১০০ রান করে আউট হওয়া রায়না তাণ্ডবটা বেশি চালিয়েছেন ইনিংসের ৩৬ থেকে ৪০তম ওভারের মধ্যে। এই ৫ ওভারে ভারত তোলে ৬২ রান, যার ৪১-ই রায়না করেছেন মাত্র ১৫ বলে। রায়না-ধোনির ১৪৪ রানের পঞ্চম উইকেট জুটিতে ওভারপ্রতি রান এসেছে ৮.৫৫ করে। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৫০ ওভারে ৩০৪/৬ (রোহিত ৫২, ধাওয়ান ১১, কোহলি ০, রাহানে ৪১, রায়না ১০০, ধোনি ৫২, জাদেজা ৯*, অশ্বিন ১০*; অ্যান্ডারসন ০/৫৭, ওকস ৪/৫২, জর্ডান ০/৭৩, স্টোকস ০/৫৪, রুট ০/১৪, ট্রেডওয়েল ২/৪২)। ইংল্যান্ড: ৩৮.১ ওভারে ১৬১ (কুক ১৯, হেলস ৪০, বেল ১, রুট ৪, মরগান ২৮, বাটলার ২, স্টোকস ২৩, ওকস ২০, জর্ডান ০, ট্রেডওয়েল ১০, অ্যান্ডারসন ৯*; ভুবনশ্বর ১/৩০, মোহিত ০/১৮, সামি ২/৩২, অশ্বিস ২/৩৮, জাদেজা ৪/২৮, রায়না ১/১২)। ফল: ভারত ১৩৩ রানে জয়ী (ডি/এল)। ম্যান অব দ্য ম্যাচ: সুরেশ রায়না।