চার বছরেই তারা অগ্নিগর্ভ

অ্যান্ডি জ্যালজম্যান। স্ট্যান্ডআপ কমেডিয়ান, লেখক। ইএসপিএনক্রিকইনফোতে লেেখন নিয়মিতই, এবার লিখেছেন বিশ্বকাপের বাংলাদেশকে নিয়ে
বাংলাদেশ প্রায় নিশ্চিতভাবেই এই বিশ্বকাপ জিতবে না। তবে তারা জেতার কাছাকাছি তো বটেই, অন্তত ইংল্যান্ডের তুলনায়। ইংল্যান্ড এমন একটা অবস্থানে যাওয়ার স্বপ্নই শুধু দেখতে পারে, যেখানে গেলে বলা যায়, প্রায় নিশ্চিতভাবেই তারা জিতবে না।
বাংলাদেশের সামনে এখন কোয়ার্টার ফাইনাল চ্যালেঞ্জ। এটি টাইটানিক জাহাজের মতো, যেখানে বরফখণ্ডের মতো বাধা বিখ্যাত ভারতীয় ব্যাটিং লাইনআপ। আর ভারতীয় বোলিং হলো পেছনের স্বল্পখ্যাত ছোট বরফখণ্ড! তবে যা-ই ঘটুক, বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিয়ে যাবে বাড়তি ব্যক্তিগত ও দলীয় অর্জন, অন্তত গত বিশ্বকাপে তারা যেভাবে বিদায় নিয়েছিল, তার থেকে বেশি উদ্দীপনা নিয়ে।
চার বছর আগে বাংলাদেশ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল লজ্জিত সহ-আয়োজকের বেশে। তাদের দল আর তাদের খেলার প্রতি প্রবল উৎসাহ আর সমর্থন, ইংল্যান্ডের সঙ্গে বিক্ষিপ্ত ভুলে ভরা লো-স্কোরিং ম্যাচে জয়—সব অসাড় হয়ে গিয়েছিল কম শক্তির দক্ষিণ আফ্রিকার কাছে ৭৮ রানে অলআউট হওয়ার বীভৎসতায়। তার আগে ছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ৫৮ রানে অলআউট হওয়ার মতো ‘অ্যান্টি-পারফরম্যান্স’। এটা তাদের সর্বকালের সবচেয়ে অযোগ্য ব্যাটিং তালিকার শীর্ষে ঠেলে দিয়েছিল। আর একটা নিরীহ বাসে পড়েছিল কিছু রগচটা মানুষের ঢিল!
বাংলাদেশ ছিল বিশ্বকাপে দুবার এক শর নিচে অলআউট হওয়া তৃতীয় দল, আর এক আসরে দুবার আশির নিচে অলআউট হওয়া প্রথম দল।
ওই দুটি চরম ব্যর্থতায় প্রতিষ্ঠিত শক্তির বিপক্ষে তুলনামূলক উঠতি এক দলের প্রাণপণ লড়াইয়ের চেষ্টার প্রতিফলন ছিল না। ছিল মোটামুটি শক্ত কিন্তু খুব কম সময়ই খেলার অনুপযোগী এক বোলিং আক্রমণের কাছে অসহায় আত্মসমর্পণ। কেমার রোচের গতি নিয়েছিল ৩ উইকেট, কিন্তু বাকি ৭ উইকেট নিয়েছিলেন ড্যারেন স্যামি ও সুলিমান বেন। দক্ষিণ আফ্রিকা মরনে মরকেল ও ডেল স্টেইনকে বিশ্রাম দিয়েছিল। লনওয়াবো সতসোবে ও রবিন পিটারসেন নিয়েছিলেন ৭ উইকেট।
ইংল্যান্ডের সঙ্গে জয়েও মিডল অর্ডারে ধস নেমেছিল, কিন্তু নবম উইকেট জুটিতে মাহমুদউল্লাহ ও শফিউলের ৫৮ রানের জুটি ও ইংল্যান্ডের ২৩টি ওয়াইডে জয় পেয়েছিল বাংলাদেশ। দলটা যেন পৌঁছে গিয়েছিল একটা ন্যূনতম উচ্চতার মালভূমিতে, যেখানে একটু সময়মতো গর্জন বা সামান্য ভ্রুকুটিতেই তুলে নেওয়া যেত টপ অর্ডারের দু-একটি উইকেটে।
২০১৫ সালে এসেও ২০১১-এর স্টাইলে হুড়মুড় করে ভেঙে পড়ার সুযোগ গেছে বাংলাদেশের। আফগানিস্তানের সঙ্গে ৩০তম ওভারে ১১৯ রানে নেই ৪ উইকেট, যে ম্যাচে উজ্জীবিত আফগানরা পারত মাশরাফির দলকে অতল গহ্বরের দিকে ঠেলে দিতে। স্কটল্যান্ডের সঙ্গে দেওয়া ৩১৯ রান তাদের টুর্নামেন্ট শেষ করে দেওয়া পরাজয়ের আশঙ্কাকে জাগিয়ে তুলেছিল। ইংল্যান্ডের সঙ্গে তারা ইনিংসটা এমনভাবে পুনর্গঠন করল, মনে হচ্ছিল ২৭৫ রানই হতাশাজনক। আর নিউজিল্যান্ডের সঙ্গে তারা পুনরুজ্জীবিত হলো, প্রতি-আক্রমণ করল, তারপর যেন প্রবল বেগে ধাবিত হলো। ফলাফল ২৮৮ রান, গত দুই বিশ্বকাপে নিউজিল্যান্ড আর কোনো ম্যাচে এত রান দেয়নি।
শ্রীলঙ্কার সঙ্গে বড় পরাজয়েও, যখন তাদের বোলারদের তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা জ্বালিয়ে-পুড়িয়ে মারার পরও ব্যাটসম্যানরা নিঃশর্ত আত্মসমর্পণ করেননি। তারা ২৪০-এ পৌঁছাল, ১০০ রানেই ৫ উইকেট হারানোর পরও।
এই ২৪০-ই এ আসরে তাদের এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর। অথচ ২৪০ রান তারা টপকেছিল ২০১১ ও ২০০৭ সালে একবার করে, ২০০৩ বা ১৯৯৯-এ একবারও নয়। এ টুর্নামেন্টও ব্যাটসম্যানদের, যা ব্যাটসম্যানদের নিয়মেই খেলা হচ্ছে। আর অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পেসের মুখোমুখি হতে হয়নি তেমন একটা। তবু তাদের ব্যাটিংয়ের উন্নতিটা নজরে আসবেই, স্কোরকার্ডে বা সাদাচোখেই।
মিডল অর্ডারে সম্প্রতি জীবনীশক্তিতে ভরপুর এক ব্যাটসম্যান নেতৃত্ব দিচ্ছেন—মাহমুদউল্লাহ। তার আজকের (পরশু) সেঞ্চুরি ছিল অসাধারণ, যার পুরোটাজুড়েই ছিল দাপট, ইনিংস গড়ে তোলায়, গতিতে, পায়ের কাজে, কবজির মোচড়ে। চার নম্বরে তার গড় এখন ১৫০-এর ওপরে। হোক না মাত্র সাত ম্যাচে, তবে সংখ্যাগুলোকে ডন ব্র্যাডম্যানও সমাধিতে থেকেই প্রশংসা করতে পারেন।
আর বোলিং। ইংল্যান্ডের সঙ্গে ভাগ্যনির্ধারণী মুহূর্তগুলো ছিল অসাধারণ। নিউজিল্যান্ডের উইকেটগুলো দায়িত্বহীন শট খেলার কারণে পড়েছে, তবে বোলিং ছিল লক্ষ্যে অবিচল। ফিল্ডিং ছিল প্রায়ই ত্রুটিমুক্ত। তবে নাসির হোসেনের ড্যানিয়েল ভেট্টোরির ক্যাচ মিসটি যেন ছিল জাদুঘর থেকে কোনো মূল্যবান ফুলদানি চুরি করে হেলিকপ্টার থেকে বেখেয়ালে ফেলে দেওয়ার মতো।
গত দুই ম্যাচে বাংলাদেশ দলকে মনে হয়েছে তারা যে কাউকে চ্যালেঞ্জ জানাতে পারে। আর না হারলে তো সবারই সেরা! তাদের পারফরম্যান্স এমন হৃদয়গ্রাহী ও উৎসাহজনক হওয়ার একটা কারণ হতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদের পূর্ব-অভিজ্ঞতা তেমন না থাকা। গত বিশ্বকাপের পর বাংলাদেশ এশিয়ার বাইরে সব মিলিয়ে তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে, দুটি জিম্বাবুয়েতে, একটি ওয়েস্ট ইন্ডিজে। সব মিলিয়ে ১১টি ম্যাচ, যার মধ্যে মাত্র ছয়টি হয়েছে গত সাড়ে তিন বছরে। নিউজিল্যান্ডে তারা সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ২০১০-এর ফেব্রুয়ারিতে, আর ২০০৩ সালের পর তাদের অস্ট্রেলিয়ায় খেলার একমাত্র অভিজ্ঞতা হলো ২০০৮ সালে, ডারউইনে তিন ম্যাচের এক সিরিজ।
আরও কিছু ঘটনা দেখলে মনে হয়, ক্রিকেট পরাশক্তিদের কম চটকদার জ্ঞাতি ভাইদের আমন্ত্রণ জানানো যেন কোনো বদমেজাজি মাছের ভয়ে থাকা কারও গোল্ডফিশকে মাতৃসেবা দেওয়া!