চার বলে ৩ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি অভিষেকে ১৬তম বলেই প্রথম উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। বড় শিকার—শহীদ আফ্রিদি। বল আফ্রিদির ব্যাটে লাগেনি, তাতে কিছু আসে-যায় না। স্কোরবোর্ডে কট বিহাইন্ডই লেখা থাকছে।
ওয়ানডে অভিষেকে প্রথম উইকেটের জন্য অপেক্ষাটা একটু বাড়ল। মুস্তাফিজ এবার নিজের ২৯তম বলে মিড অফে ক্যাচ বানালেন রোহিত শর্মাকে।
রঙিন পোশাক ছেড়ে এবার অভিষেক সাদা পোশাকে। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে প্রথম উইকেটের জন্য অপেক্ষাটাও বড় হলো। টি-টোয়েন্টি ও ওয়ানডেতে দ্বিতীয় স্পেলে উইকেট পেয়ে গেলেও এবার তৃতীয় স্পেল শেষেও উইকেটশূন্য। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেটটা মুস্তাফিজ পেলেন চতুর্থ স্পেলে। হাশিম আমলা উইকেটকিপার লিটন দাসের ক্যাচ হওয়ার পরের বলেই এলবিডব্লু জেপি ডুমিনি। হ্যাটট্রিক হয়নি, তবে এক বল বিরতি দিয়ে বোল্ড কুইন্টন ডি কক। প্রথম ৭৮ বলে উইকেটশূন্য, ৮২ বল শেষে সেই বোলারের নামের পাশে ৩ উইকেট!
স্মরণীয় ওয়ানডে অভিষেকের পর টেস্ট অভিষেকে চার বলে ৩ উইকেট। হ্যাটট্রিক না পেলেও মুস্তাফিজ জায়গা পেয়ে গেলেন টেস্ট ইতিহাসের সংক্ষিপ্ত এক তালিকায়। টেস্ট ক্রিকেটে ২১৭২ ম্যাচের ইতিহাসে চার বলের মধ্যে ৩ উইকেট নেওয়ার ঘটনা মাত্র ৩৮টি। ফ্রেড স্পফোর্থ, ডেনিস লিলি ও ওয়াসিম আকরামের আবার দুবার আছে এই কীর্তি। মুস্তাফিজকে নিয়ে চার বলে ৩ উইকেট নেওয়া বোলারের সংখ্যা তাই মাত্র ৩৫।
মরিস অ্যালম, জনি মার্টিন, রবি শাস্ত্রী ও মুস্তাফিজকে আবার রাখতে হবে আলাদা বন্ধনীতে। এই চারজনের কীর্তিই যে টেস্ট অভিষেকে। অ্যালম ও মুস্তাফিজকে আলাদা করা যায় মার্টিন-শাস্ত্রী থেকেও। দুজনই চার বলে ৩ উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে, মার্টিন ও শাস্ত্রী দ্বিতীয় ইনিংসে।
তবে সবার থেকে আলাদা মরিস অ্যালম। হ্যাটট্রিকসহ পাঁচ বলের মধ্যেই ৪ উইকেট নিয়েছিলেন এই ইংলিশ পেসার। ১৯৩০ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের অষ্টম ওভারে শুধু প্রথম ও তৃতীয় বলেই উইকেট পাননি অ্যালম।
অ্যালমের পর টেস্ট অভিষেকে হ্যাটট্রিক করেছেন শুধু নিউজিল্যান্ডের পিটার প্যাথেরিক ও অস্ট্রেলিয়ার ডেমিয়েন ফ্লেমিং। পাঁচ বলে ৪ উইকেট নেওয়ার কীর্তিতেও অ্যালমের সঙ্গী মাত্র দুজন—ইংল্যান্ডের ক্রিস ওল্ড ও পাকিস্তানের ওয়াসিম আকরাম। ওল্ড ও আকরাম অবশ্য হ্যাটট্রিক পাননি।
শর্তটা আরেকটু সহজ করে এক ওভারে ৪ উইকেট ধরলে অ্যালম, ওল্ড ও আকরামের সঙ্গে আছেন আরও দুই ইংলিশ—কেন ক্র্যানস্টন ও ফ্রেড টিটমাস।