চার বলের মধ্যে নেই তামিম-সৌম্য
ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম বলেই বিপদটা আন্দাজ করা গিয়েছিল। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে আজ তামিম ইকবাল এই বিপদের ফাঁদে পড়েই আউট হলেন।
নিউজিল্যান্ডের এই বাঁহাতি পেসার বাংলাদেশের ইনিংসে প্রথম বলটা করেছিলেন ইয়র্কার লেংথের। তামিম ঠেকানোর চেষ্টা করলেও বল সুইং করে বেরিয়ে যায়।
নিজের পরের ওভারে ঠিক একইভাবে বাংলাদেশ অধিনায়ককে আরেকটু হলেই এলবিডব্লুর ফাঁদে ফেলতেন বোল্ট। শেষ পর্যন্ত পঞ্চম ওভারে সেটি করেই তামিমকে তুলে নেন বোল্ট।
'আনলাকি থার্টিন' ১৩ রানে আউট তামিম। এই ১৩ রানেই অবশ্য আছে ইনিংসের তৃতীয় বলে ওই বোল্টকেই পয়েন্টের ওপর দিয়ে মারা একটি ছক্কা।
তামিমকে ফেরানোর দুই বল পরই বাংলাদেশের বিপদ দ্বিগুণ করেন বোল্ট। মাঠের ছোট সীমানা দেখে তামিমের মতোই বোল্টকে তুলে মারতে গিয়ে কাভারে ক্যাচ দিয়ে আউট হন তিনে নামা সৌম্য সরকার (০)।
মাত্র এক ওভারের মধ্যেই পাল্টে গেল বাংলাদেশের ইনিংসের চিত্র। এ প্রতিবেদন লেখা পর্যন্ত 8 ওভার শেষে ২ উইকেটে ৩০ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।