চার মাস পর ওয়ানডে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত চারটি মাস টি-টোয়েন্টি ক্রিকেটেই বুঁদ ছিল ক্রিকেট-বিশ্ব। আজ আবার শুরু হচ্ছে ৫০ ওভারের ক্রিকেট, ত্রিদেশীয় সিরিজে নিজেদের মাঠে ওয়েস্ট ইন্ডিজ আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে। আজ প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের।
টুর্নামেন্টটা বেশ লম্বাই, তিন দলই নিজেদের মধ্যে তিনবার করে খেলবে। শীর্ষ দুই দল শিরোপার জন্য মুখোমুখি হবে ফাইনালে। ২০০৫ সালে ন্যাটওয়েস্ট ট্রফির পর এই পদ্ধতিতে এই প্রথম কোনো ত্রিদেশীয় সিরিজ হচ্ছে। আজ থেকে শুরু টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ জুন।
নিজেদের মাঠে খেললেও ওয়েস্ট ইন্ডিজের জন্য টুর্নামেন্টটা সহজ হওয়ার কথা নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্মৃতিটা তাদের টাটকাই। কিন্তু ৫০ ওভারের ম্যাচে এখনো নিজেদের হারিয়ে খুঁজছে। গত বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, এরপর শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে। তার ওপর বিতর্ক তো আছেই। ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোদের বাদ দিয়ে কাইরন পোলার্ড, সুনীল নারাইনদের ফিরিয়ে আনা নিয়ে ক্রিকেট বোর্ডের কম সমালোচনা হয়নি। ছয় মাস পর আবার দলে ফিরছেন নারাইন, পোলার্ডের ফেরা আট মাস পর।
দক্ষিণ আফ্রিকা তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী থাকার কথা। গত বছর বাংলাদেশের কাছে হারার পর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডকে হারিয়েছে তারা। যদিও প্রোটিয়ারা চোটের কারণে এই সিরিজে পাচ্ছে না তাদের প্রধান ফাস্ট বোলার ডেল স্টেইনকে। এএফপি।