চার শর অর্ধেক পেরিয়েছেন মারুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোলারকে তুলে মারতেই ভালোবাসেন মারুফ। ছবি: শামসুল হক
বোলারকে তুলে মারতেই ভালোবাসেন মারুফ। ছবি: শামসুল হক

১৪ ম্যাচ শেষে ব্যাটসম্যানদের সবার ওপরে কিনা মেহেদী মারুফ! অনেকের মুখচ্ছবি চোখে ভাসলেও বিপিএল শুরুর আগে এই নামটা নিশ্চয়ই আপনি ভাবেননি! সেটি না ভাবাই স্বাভাবিক। ঘরোয়া ক্রিকেটে প্রায় এক দশক কাটিয়ে দেওয়া মারুফ চমক তো দেখাচ্ছেন এবারের বিপিএলেই।
পাঁচ ম্যাচে ২ হাফ সেঞ্চুরিতে ২০৩ রান করে মারুফ আজ সন্ধ্যা পর্যন্ত আছেন সবার ওপরে। যদিও রাতে বরিশাল বুলসের শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিমের সুযোগ আছে তাঁকে ছাড়িয়ে যাওয়ার। যদি দুজন ছাড়িয়েও যান, ঢাকা ডায়নামাইটস ওপেনার মারুফেরও সুযোগ থাকছে আবারও শীর্ষস্থান ফিরে পাওয়ার।
৭৫ *, ২৫, ১০,৬০-এর পর আজ চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৩৩ রান—ধারাবাহিকতার প্রতিচ্ছবি যেন মারুফ। বরিশালের বিপক্ষে ম্যাচসেরা হয়ে সংবাদ সম্মেলনে আসা ঢাকা ওপেনার বলেছিলেন, চারের চেয়ে ছক্কা মারতেই তিনি বেশি ভালোবাসেন! সেটির প্রতিফলন দেখা যাচ্ছে পারফরম্যান্সেও। এখনো পর্যন্ত ১১ ছক্কা মেরে আছেন সবার ওপরে।
তাঁর ছয়গুলোও হয় দেখার মতো। বেশির ভাগই পড়ে একেবারে গ্যালারিতে। অথচ মজার একটা কথাই বলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে ম্যাচসেরা হয়ে, ‘ব্যাটিংয়ে নামার সময় আমার শরীর কাঁপে! দুই-একটা বল ব্যাটে লাগার পর আর ভয়টা থাকে না।’ 

মারুফের ভয়ে কেটে যাওয়ার পর সেই ভয়টা অবশ্য ভর করে বোলারদের ওপর। ম্যাথু হেইডেন তাঁর প্রিয় ব্যাটসম্যান। সাবেক অস্ট্রেলীয় ওপেনারের মতো আক্রমণাত্মক ব্যাটিংই পছন্দ মারুফের। ছোটবেলা থেকেই তাই বোলারদের তুলে মারতে অভ্যস্ত হয়ে গেছেন। তা এবার বিপিএলে ব্যক্তিগত লক্ষ্যটা কী? ৩০০ রান করতে চান? কদিন আগে সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে প্রশ্নটা শুনে চুপ থাকেন মারুফ। লক্ষ্যটা কি বেশি বড় হয়ে গেল? নীরবতা ভেঙে নিজেই বলেন, ‘৪০০ বলেন। লক্ষ্যটা বড় না হলে ভেতরে শক্তিটা আসে না!’
চার শর অর্ধেক তো হয়েই গেছে, এখন বাকিটা পূরণ করার চ্যালেঞ্জ মারুফের।