
মুখোমুখি হওয়া প্রথম বলটা মিডল ও লেগ স্টাম্পের মাঝামাঝি। ফলাফল মিড অন দিয়ে চার!
দ্বিতীয় বলটা একটু ভালো, বেরিয়ে যাচ্ছিল অফস্টাম্প দিয়ে। এবার স্কয়ার ড্রাইভ, আবারও চার।
গ্যাবায় যেখানে শেষ করেছিলেন, ওয়াকায় শুরুটাও যেন ঠিক সেখান থেকেই। কাল দিন শেষে ক্লান্ত ডেভিড ওয়ার্নার যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, তাঁর আগেই মুষ্টিবদ্ধ দুই হাত ছুড়ে আকাশ ছোঁয়ার পরিচিত উদ্যাপন হয়ে গেছে দুবার। এক দিনেই করে ফেলেছেন ২৪৪, অস্ট্রেলিয়া প্রথম দিন শেষে ২ উইকেটে ৪১৬ রানের পাহাড়ে। ব্রেন্ডন ম্যাককালামের ‘ঘুরে দাঁড়ানোর’ কথাটা এখনই কেমন যেন পরিহাস মনে হচ্ছে!
কাল টেস্টের রেকর্ড বইয়ে যত নতুন কীর্তি লেখা হয়েছে, সেটি নিয়েই মোটামুটি কয়েক পাতা লেখা যেতে পারে। ওয়ার্নারের নিজের কথাই ধরুন। টেস্টের প্রথম দিনে এর চেয়ে বেশি করেছেন শুধু স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, আর এক দিনে এর চেয়ে বেশি রানের কীর্তি আছে ছয়টি। টেস্ট ক্যারিয়ারে ৪০০০ রান পূর্ণ হয়েছে তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটা দিয়েই, মাত্র চার টেস্ট খেলে ওয়াকায় সবচেয়ে বেশি সেঞ্চুরিও এখন ওয়ার্নারের। এমনিতেই এই মাঠ তাঁর কাছে ‘স্পেশাল’, এখানে প্রথম ম্যাচেই পেয়েছিলেন সেঞ্চুরি। এখন ওয়াকার সঙ্গে নিউজিল্যান্ডের জন্যও হৃদয়ে আলাদা জায়গা তৈরি হয়ে গেল। কিউইদের বিপক্ষে টানা চার সেঞ্চুরি করেছেন, কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে টানা সবচেয়ে বেশি সেঞ্চুরি করার এই কীর্তি আছে আর মাত্র চারজনের। সুনীল গাভাস্কারের পর প্রথম ওপেনার হিসেবে করলেন টানা তিনটি সেঞ্চুরিও।
ব্র্যাডম্যানের এক দিনে ৩০৯ রানের রেকর্ডটা অমরত্বই পেয়ে গেছে। তবে উসমান খাজাকে নিয়েও পূর্বসূরির আরেকটা রেকর্ডের কাছাকাছি গিয়েছিলেন ওয়ার্নার। দ্বিতীয় উইকেটে খাজা-ওয়ার্নার মিলে করেছেন ৩০২, এই উইকেটে অস্ট্রেলিয়ার এর চেয়ে বেশি রান করেছেন শুধু ব্র্যাডম্যান-পন্সফোর্ড, ১৯৩৪ সালে ওভালে ৪৫১ রান। খাজার ১২১ রানেরও একটা বিশেষত্ব আছে। পন্টিংয়ের পর সাত বছর কেটে গেছে, এই প্রথম অস্ট্রেলিয়ার তিন নম্বরে নেমে কেউ টানা দুই টেস্টে সেঞ্চুরি করলেন।
ওয়ার্নার যা করেছেন, সেটি আসলে পরিসংখ্যান ঠিক বোঝাতে পারে না। দারুণ সব শট খেলেছেন উইকেটের চারপাশেই, তবে সবচেয়ে বেশি রান করেছেন মিড উইকেট দিয়ে। সেগুলোর বেশির ভাগের পেছনেই কিউই ফিল্ডারদের ছোটাই হয়েছে সার, চার-ছয় মিলিয়েই রান করেছেন ঠিক ১০০! সুযোগই দেননি আসলে, শুধু ৭৮ রানে রিভিউ তাঁকে বাঁচিয়েছে এলবিডব্লু হওয়ার হাত থেকে।
নিউজিল্যান্ডের সব বোলারই যে কমবেশি নির্বিষ ছিলেন সেটি স্কোরকার্ডই বলে দিচ্ছে। পুরো ৯০ ওভারে মেডেন মাত্র একটি! আজও লম্বা একটা দিনই হয়তো অপেক্ষা করছে সাউদিদের সামনে। এএফপি, ক্রিকইনফো।