চারু ভাবতেও পারেননি, তাঁকেই নিলাম পরিচালনা করতে হবে

আইপিএল নিলাম পরিচালনার এক মুহূর্তে চারু শর্মাছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোন পেয়েই ছুটলেন চারু শর্মা। তখনো জানেন না আইপিএল নিলামের বাকিটা তাঁকে পরিচালনা করতে হবে।

সকালে ঘুম থেকে উঠেছেন, দুপুরে বাড়িতে আসবে অতিথি, স্যাটেলাইট চ্যানেলের ধারাভাষ্য ও অনুষ্ঠান উপস্থাপনার পরিচিত মুখ চারু ভাবতেও পারেননি, দিনের বাকিটা সময় তাঁকে থাকতে হবে আইপিএলের নিলামে।

গতকাল আইপিএল নিলামে ঘটে অভাবনীয় এক ঘটনা। নিয়মিত সঞ্চালক হিউ এডমিডস মঞ্চেই জ্ঞান হারিয়ে পড়ে যান। বন্ধ হয়ে যায় নিলাম। পরে দেখা যায় এডমিডস হাইপো টেনশনে আক্রান্ত। অসুস্থ সঞ্চালকের জায়গায় খুব দ্রুতই যোগ্য একজনকে খুঁজে বের করার দরকার ছিল।

আইপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান ব্রিজেশ প্যাটেলের তখন মাথায় বাজ পড়ার অবস্থা। তাৎক্ষণিকভাবে তাঁর মনে পড়ল চারু শর্মার কথা। এটাও জানতেন, চারু বেঙ্গালুরুতেই থাকেন এবং অনুষ্ঠানস্থলের খুব কাছেই থাকেন। কিন্তু তিনি কি শহরে আছেন?

ফোন করতেই ধরলেন চারু। আইপিএল নিলাম টেলিভিশনেও দেখছিলেন না তিনি। ওই যে, অতিথি আপ্যায়নের প্রস্তুতি নিচ্ছিলেন! ব্রিজেশ ফোনে অত বিস্তারিত কিছু বলেননি চারুকে। কেবল জিজ্ঞাসা করলেন, ‘তুমি কোথায়? একটিবার আসতে পারবে এখানে?’ চারু কেবল জিজ্ঞাসা করেছিলেন, ‘এখনই?’ ব্রিজেশের উত্তর ছিল, ‘হ্যাঁ, এখনই, ১৫ মিনিটের মধ্যে।’

চারু কেবল সময় নিয়েছিলেন তৈরি হওয়ার। দৌড়ালেন হোটেলের দিকে, যেখানে নিলাম অনুষ্ঠিত হচ্ছিল। পৌঁছে জানলেন, তাঁকেই নিলামে বাকিটা সময় সঞ্চালকের দায়িত্ব পালন করতে হবে। ১৫ মিনিট সময় নিয়ে সব কিছু বুঝলেন। বাকিটা তো সবাই টিভিতেই দেখছেন।

ক্রিকবাজকে চারু বলেছেন কতটা দ্রুততার সঙ্গে তাঁকে নিলামস্থলে আসতে হয়েছে, ‘আমি হোটেলের খুব কাছেই থাকি। ব্রিজেশ প্যাটেলের ফোন পেয়েই চলে আসি। বাড়িতে আমার কিছু কাজ ছিল। অতিথি আসার কথা ছিল। তারই প্রস্তুতি নিচ্ছিলাম। আমি টিভিও ছাড়িনি। নিলামে কী হচ্ছে, কিছুই জানতাম না!’

ব্যাপারটা ধাক্কাই ছিল চারুর জন্য, ‘আমি হোটেলে পৌঁছাতেই জানলাম, মূল সঞ্চালক এডমিডস হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে গেছেন। ঘটনার আকস্মিকতা সামলানোর সময়ও আমি পাইনি। বিরতির সময় ১৫ মিনিট কেবল প্রস্তুতি নেওয়ার জন্য নিয়েছিলাম। আইপিএল কর্তারা অবশ্য বলেছিলেন, চাইলে আমি আরও সময় পেতে পারি, কিন্তু আমি সেটি নিইনি।’

চমৎকার বাচনভঙ্গি আর কণ্ঠ দিয়ে ক্রিকেটের সরাসরি সম্প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন চারু শর্মা
ছবি: টুইটার

নব্বইয়ের দশক একটি খেলাধুলাভিত্তিক স্যাটেলাইট চ্যানেলের ক্রিকেট সম্প্রচারের মুখ হয়ে উঠেছিলেন চারু শর্মা। চমৎকার বাচনভঙ্গি আর কণ্ঠ দিয়ে ক্রিকেটের সরাসরি সম্প্রচারে নতুন মাত্রা দেন। জনপ্রিয়তাও পান। ক্রিকেট, টেনিস, ফুটবল—সব খেলার সম্প্রচারেই তিনি সঞ্চালনা করে প্রশংসিত হয়েছেন। টিভি সম্প্রচারের বাইরেও অনুষ্ঠান উপস্থাপক হিসেবে চারু ভারতে বেশ জনপ্রিয়। এর আগে বিভিন্ন নিলাম পরিচালনারও অভিজ্ঞতা তাঁর আছে।

আজ নিলামের দ্বিতীয় দিনও সঞ্চালকের দায়িত্ব পালন করছেন চারু।