চারে চার রূপগঞ্জ
গাজী ট্যাংক ক্রিকেটার্স থেকে লিজেন্ডস অব রূপগঞ্জ। গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবেই নতুন নাম পেল দলটি। নাম বদলে গেলেও রূপগঞ্জ আছে আগের ফর্মেই। গাজী ট্যাংক নামে প্রথম তিনটি ম্যাচজয়ী ক্লাবটি কাল টানা চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে। ফতুল্লায় স্বল্প রানের ম্যাচে আবাহনীকে ৩ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ। কাল বিকেএসপির দুই ম্যাচেও প্রতিপক্ষের সামনে বড় লক্ষ্য দিতে পারেনি প্রথমে ব্যাট করা দল। শেখ জামাল ভিক্টোরিয়ার কাছে ৮ উইকেটে ও ব্রাদার্স ৩ উইকেটে হেরেছে দোলেশ্বরের কাছে।
দিনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি দেখেছে ফতুল্লাই। আবাহনীর ১৮৬ রান পেরোতে রূপগঞ্জকে খেলতে হয়েছে ৪৯তম ওভার পর্যন্ত। ৪০তম ওভারে ১২৭ রানে ষষ্ঠ উইকেট হারানো দলকে উদ্ধার করেছে শরীফউল্লাহ ও নাজমুল মিলনের ৫৪ রানের সপ্তম উইকেট জুটি। মিলন ২২ বলে ২১ রান করে আউট হলেও শরীফউল্লাহ ৫৮ বলে ৫৪ রান করে দলকে জিতিয়েই ফিরেছেন।
আবাহনীকে ধসিয়ে দিয়েছেন আসলে রূপগঞ্জের দুই পেসার আবুল হাসান (৫/৩২), মোহাম্মদ শহীদ (২/৩৯)। ১৩ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট পাওয়া হাসান এবারের লিগে কালই প্রথম উইকেট পেলেন। চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া এই পেসার অবশ্য ২০১০-১১ মৌসুমে এই ফতুল্লাতেই প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন আবাহনীর হয়ে।
বিকেএসপির তিন নম্বর মাঠে ব্রাদার্সের করা ১৫৯ রান টপকাতেই ৭ উইকেট হারায় প্রাইম দোলেশ্বর। একের পর এক উইকেট পড়তে থাকলেও এক প্রান্ত ধরে রেখে দলকে তৃতীয় জয় এনে দেন ইংলিশ ক্রিকেটার ডেভিড ম্যালান (৭৭ বলে অপরাজিত ৪৬)।
বিকেএসপির চার নম্বর মাঠে আবু সায়েম (৪২) ও সোহাগ গাজীর (৪৫) ৮৮ রানের ষষ্ঠ উইকেট জুটিতেই শেখ জামাল করতে পারে ১৮৫ রান। ৮১ বল ও ৮ উইকেট হাতে রেখেই নিজেদের দ্বিতীয় জয় পেয়ে যায় ভিক্টোরিয়া। লিস্ট ‘এ’ ক্যারিয়ার-সর্বোচ্চ ৭২ রান করে অপরাজিত থাকেন মার্শাল আইয়ুব। ওপেনার মাহাবুবুল করিম করেছেন ৬৬।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-লিজেন্ডস অব রূপগঞ্জ, ফতুল্লা
আবাহনী: ৪৮.৫ ওভারে ১৮৬ (জিয়া ৫১, ফরহাদ হোসেন ৩৯, নাসির ৩০, রকিবুল ২৮; আবুল হাসান ৫/৩২, শহীদ ২/৩৯)। রূপগঞ্জ: ৪৮.৩ ওভারে ১৮৯/৭ (শরীফউল্লাহ ৫৪*, অলক ৩৮, মোশাররফ ২৬; জিয়া ৩/৩৪)।
ফল: রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী।
শেখ জামাল-ভিক্টোরিয়া, বিকেএসপি-৩
শেখ জামাল: ৪৫.৫ ওভারে ১৮৫ (সোহাগ ৪৫, সায়েম ৪২, শাহরিয়ার ৩৩; সোহরাওয়ার্দী ৪/২২, এনামুল ২/৩২, হায়দার ২/৩৯)। ভিক্টোরিয়া: ৩৬.৩ ওভারে ১৮৬/২ (মার্শাল ৭২*, মাহাবুবুল ৬৬, হাসানুজ্জামান ২৩; সোহাগ ১/২৪)।
ফল: ভিক্টোরিয়া ৮ উইকেটে জয়ী।
ব্রাদার্স-প্রাইম দোলেশ্বর, বিকেএসপি-৪
ব্রাদার্স: ৫০ ওভারে ১৫৯/৮ (অভিষেক ৫০, জাবিদ ৩৪*, সাদিকুর ২৩; হাবিবুর ২/২৫, মুক্তার ২/৩৭)। দোলেশ্বর: ৪০.৪ ওভারে ১৬০/৭ (ম্যালান ৪৬*, রনি ৩৯; ইফতেখার ৪/২০, আসিফ ২/২৬)।
ফল: দোলেশ্বর ৩ উইকেটে জয়ী।