চারে তিন তামিমের

দুই বছর ধরে মুদ্রার এপিঠ-ওপিঠ অনেকবার দেখতে হয়েছে। একটা সময় উইকেট ছুড়ে দিয়ে আসার জন্য কম সমালোচনা সইতে হয়নি। সেই তামিম এখন যেন নিজের খোলনলচে অনেকটুকুই বদলে ফেলেছেন, আগের চেয়ে অনেক বেশি ধারাবাহিক। আজও ঢাকা প্রিমিয়ার লিগে তামিমই পথ দেখালেন আবাহনীকে। আজকের ৫৪ রানের ইনিংসটি গত চার ম্যাচে তাঁর তৃতীয় ফিফটি।
বছর খানেক ধরেই বাংলাদেশের হয়ে তামিমের ব্যাটই সবচেয়ে চওড়া। বিপিএল, পিএসএল ঘুরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এবারের লিগে অবশ্য আবাহনীর হয়ে শুরুটা ভালো হয়নি, প্রথম ম্যাচে ৭ রানেই রানআউট হয়ে গিয়েছিলেন। তবে পরের ম্যাচেই লিগে প্রথম সেঞ্চুরিটা প্রায় পেয়ে গিয়েছিলেন। কিন্তু শেখ জামালের বিপক্ষে ম্যাচটায় আউট হলেন ৯০ রানে। পরের ম্যাচে আবারও সাত রানে আউট। তবে এরপর ভিক্টোরিয়ার সঙ্গে আবার ফিফটি, এবার করলেন ৬৪।
কিছুদিন ধরে তামিমের ব্যাটে যে পরিণতিবোধ, আজ লিজেন্ডস অব রূপগঞ্জের সঙ্গে ম্যাচে সেটিরই প্রতিফলন। শুরু থেকেই রানের চাকা সচল রেখেছেন, কিন্তু খুব আগ্রাসী ছিলেন না। পুরোনো তামিমের কিছুটা দেখা গেছে ৪৪ রানের মাথায়, নাহিদুলের বলে ম্যাচে নিজের প্রথম ছয় মেরে পূর্ণ করেছেন ফিফটি। কিন্তু শেষ পর্যন্ত ৫৪ রানে বোল্ড হয়ে গেলেন তাইজুলের বলে। ৬৪ বলে ৫৪ রানের ইনিংসে চার ছিল সাতটি।
তবে তামিমকে আজ ছাড়িয়ে গেছেন আবাহনীর দুই অনুজ সতীর্থ নাজমুল হোসেন শান্ত ও মোসাদ্দেক হোসেন। ১১৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে দুজনের ১২৫ রানের কল্যাণেই আবাহনী শেষ পর্যন্ত ২৫৫ করতে পেরেছে। নাজমুল শেষ পর্যন্ত ৭২ রান করে আউট হয়ে গেছেন। মোসাদ্দেক অপরাজিত ছিলেন ৭৫ বলে ৬৭ রান করে। রূপগঞ্জের আবু হায়দার ৪৮ রানে নিয়েছেন ৩ উইকেট, তাইজুল ৫০ রানে নিয়েছেন দুইটি।