
‘সোহান (নুরুল হাসান) কেন আরও আগে ব্যাটিং করে না?’ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে প্রাইম ব্যাংকের উইকেটকিপার-ব্যাটসম্যানকে সাত-আট নম্বরে ব্যাটিং করতে দেখে বিসিবির অন্যতম নির্বাচক হাবিবুল বাশারের প্রশ্ন। ওপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ পেলে কী করতে পারেন, আরও একবার দেখালেন নুরুল।
কাল বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই আসিফ আহমেদকে বাউন্ডারি মেরে দিনটি নিজের করে নেওয়ার বার্তা দিয়েছিলেন নুরুল। প্রথম ১২ বলে দুটি চার মেরে তৃতীয়টি মারতে লাগল ৩৪ বল। বল নষ্ট করেননি! বলের সঙ্গে প্রায় সমান্তরালেই ছুটছিল তাঁর রানের চাকা। বাউন্ডারির চেয়ে নুরুলের দৃষ্টি যেন এক-দুই রানের দিকেই বেশি ছিল।
নুরুলের ১০৮ রানের অনবদ্য ইনিংসটিতে চারের মার ৭টি ও ছক্কা ২টি। বাউন্ডারি থেকে এসেছে ৪০, বাকি ৬৮ রান নিয়েছেন দৌড়ে। ৫২ রানই সিঙ্গেল। পরিস্থিতির দাবি মেনে কখনো খেলছেন চোখজুড়ানো শট। ৩৫তম ওভারের প্রথম বলে তাইজুল ইসলামকে ডাউন দ্য উইকেটে এসে লং অনে এমন এক ছক্কা মারলেন, বল উড়ে গিয়ে পড়ল পাশের মাঠে!
সৌম্য সরকারকে মিড উইকেটে ফ্লিক করে দ্রুত ২ রান নিয়ে পূর্ণ করেন সেঞ্চুরি (১০৭ বলে)। কিন্তু তিন অঙ্ক ছুঁয়ে ব্যাটটা উঁচু করেননি! সতীর্থরা করতালির বৃষ্টিতে ভেজালেন, সেদিকেও দৃষ্টি নেই। কিসের অভিমান নুরুলের? পছন্দের ব্যাটিং পজিশনে নিয়মিত খেলতে না পেরে? যদি তা-ই হয়, অভিমান অবশ্যই যৌক্তিক। এ পর্যন্ত ৭ ম্যাচে তিনবার চার নম্বরে নেমে করেছেন ২১১ রান, গড় ৭০.৩৩। ১টি সেঞ্চুরি ও ফিফটি এখানে ব্যাট করেই। বাকি ৪ ম্যাচে ভিন্ন ভিন্ন ব্যাটিং পজিশনে ১৪.২ গড়ে তাঁর রান ৭১।
প্রাইম ব্যাংকের ৯ উইকেটে ২৯৯ রানের পেছনে নুরুলের ইনিংসটি যদি মূল অবদান রাখে, সেটির ভিত গড়ে দিয়েছিলেন মেহেদী মারুফ। প্রাইম ব্যাংকের ওপেনার ৬৪ বলে করেছেন ৭৫ রান। মারুফ-নুরুলের দুর্দান্ত দুটি ইনিংসের পরও ৩০০ না পেরোনোর মূল কারণ স্লগ ওভারে প্রত্যাশা অনুযায়ী রান করতে না পারা। শেষ ১০ ওভারে প্রাইম ব্যাংক তুলেছে ৬৮ রান, শেষ ৫ ওভারে ৩৪।
৩০০ রান তাড়া করতে নেমে স্ট্রোক প্লের দ্যুতি ছড়াচ্ছিলেন সৌম্য। কিন্তু অল্পতেই ধৈর্যচ্যুতি ঘটল তাঁর। প্রাইম ব্যাংকের ভারতীয় পেসার শচীন রানাকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে তায়বুর রহমানের ক্যাচে পরিণত হওয়ার আগে সৌম্যর রান ১৭। রূপগঞ্জের আরেক ওপেনার জালাজ সাক্সেনা ফিফটি করেছেন, তবে তা পরাজয়ের ব্যবধানই শুধু কমিয়েছে। ৩টি দুর্দান্ত ক্যাচ নিয়ে সাব্বির বুঝিয়েছেন, তাঁকে কেন বলা হয় দেশের অন্যতম সেরা ফিল্ডার।
রূপগঞ্জকে ৬০ রানে হারিয়ে সাব্বিরদের মুখটা কাল ভীষণ উজ্জ্বলই দেখাল। বিকেএসপিতেই আগের দুই ম্যাচে তাদের হারতে হয়েছিল ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে।