চাহালকে দুকথা শুনিয়ে দিলেন ব্রড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুজবেন্দ্র চাহাল। পরশু আইপিএলের ম্যাচে। ছবি: এএফপি
যুজবেন্দ্র চাহাল। পরশু আইপিএলের ম্যাচে। ছবি: এএফপি
বেঙ্গালুরু লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালের এক ওভারে প্রথম তিন বলে তিন ছক্কা মেরে ২০০৭ সালের স্মৃতি মনে করিয়ে দিয়েছিলেন যুবরাজ সিং। সেবার ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের ওভারে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন তিনি। প্রথম তিন বলে তিন ছক্কা খেয়ে নিজেকে ব্রড বলে মনে হচ্ছিল, জানিয়েছিলেন চাহাল। এই কথার জবাব দিয়েছেন ব্রড


২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মনে পড়ে? টি-টোয়েন্টির সর্বপ্রথম বৈশ্বিক সে আসরে ক্রিকেটের নতুন সংস্করণের স্বাদ বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং, ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে। ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের করা এক ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ।


আইপিএলে পরশু মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচে ক্ষণিকের জন্য হলেও সেই স্মৃতি ফিরিয়ে এনেছিলেন যুবরাজ। তবে এদিন বোলার ছিলেন বেঙ্গালুরুর লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। যুবরাজের হাতে পরপর তিন ছক্কা খেয়ে চাহালেরও নিজেকে ব্রড বলে মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য, ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে বলেন তিনি। তবে চাহালকে ব্রড হতে দেননি মোহাম্মদ সিরাজ। চতুর্থ বলেই দুর্দান্ত ক্যাচ ধরে যুবরাজকে ফেরান সিরাজ।

বলা বাহুল্য, নির্ঘাত একটা দুঃস্বপ্ন থেকে চাহালকে বাঁচিয়েছেন সিরাজ। সেদিন সংবাদ সম্মেলনে চাহাল বলেন, ‘যুবরাজ পরপর ৩টি ছয় মারার পর নিজেকে ব্রড বলে মনে হচ্ছিল। যুবরাজ একজন কিংবদন্তি ব্যাটসম্যান, সবাই জানেন। ওকে নিজের সেরা বল করার চেষ্টা করছিলাম। কিন্তু খুব সহজে বলগুলো মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছিলেন যুবরাজ।’ চাহালের এই কথা শুনে চুপ থাকেননি ব্রডও। ইনস্টাগ্রামে মজার ছলে চাহালকে দুকথা শুনিয়ে দিয়েছেন এই ইংলিশ পেসার।

চাহালের এই ভিডিও পোস্ট করেছিল আইপিএলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। সেই পোস্টের নিচে ব্রড চাহালকে চ্যালেঞ্জ জানিয়েছেন, ১০ বছর পর ব্রডের মতো ৪৩৭ টেস্ট উইকেট নিয়ে চাহাল যেন এ কথা বলতে আসেন, ‘আশা করি ১০ বছর পরেও ওর নিজেকে আমার মতো মনে হবে, ৪৩৭টি টেস্ট উইকেট নেওয়ার মাধ্যমে!’